ভৈরবে কয়লা ব্যবসায়ী খুন
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল মঙ্গলবার রাতে শাহীন খান (৪২) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত শাহীন ভৈরবে কয়লা ব্যবসা করতেন। তাঁর বাড়ি পৌর শহরের চণ্ডীবের খানবাড়ি।এলাকাবাসী জানায়, রাত পৌনে ১০টার দিকে চণ্ডীবের এলাকার মূল সড়কের পাশে ইবু খানের ছেলে শাহীন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহতের ছোট ভাই নাদিম খান বলেন, রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁকে মুঠোফোনে জানায়, শাহীনকে মেরে ফেলা হচ্ছে। ফোন পেয়ে এসে দেখি চণ্ডীবের খানবাড়ির সামনের সড়কে শাহীন পড়ে আছে। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা মমতাজুল হক বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণ পর শাহীনের মৃত্যু হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, দুর্বৃত্তরা শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।