ভৈরবে গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ডাকাত সন্দেহে পৌর শহরের কালিপুর নয়াহাটি মহল্লার বাসিন্দারা নৌকা থেকে ধরে এনে গণপিটুনি দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়া (২২), জহির মিয়া (২৭) ও স্বাধীন মিয়াকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি একই জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর গ্রামে। আহত ফারুক নিহত সাদ্দামের ছোট ভাই, জহির তাঁর চাচা আর স্বাধীন বোনের জামাই।
নয়াহাটি মহল্লার কয়েকজন বাসিন্দা জানান, শুক্রবার ভোর চারটার দিকে তাঁদের মহল্লার দিকে একটি নৌকা এগিয়ে আসতে দেখে তাঁদের সেটি ডাকাতদের নৌকা বলে সন্দেহ হয়। এরপর এলাকাবাসী একযোগে এগিয়ে এসে নৌকাটি আটক করেন। নৌকায় থাকা ব্যক্তিদের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় লোকজন ধরে এনে তাঁদের গণপিটুনি দেন। পরে এলাকাবাসীই তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন হতাহতরা অতীতে কেউ চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবেন।