ভৈরবে গুরুত্বপূর্ণ সড়কগুলো নালার পানিতে সয়লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক নালার পানিতে সয়লাব হয়ে শহরের বাসিন্দাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। নোংরা পানির দুর্গন্ধে সড়কের দুই পাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। দুর্গন্ধময় এ পানিতে দূষিত হয়ে পড়ছে শহরের পরিবেশ। দীর্ঘদিনেও প্রতিকার না হওয়ায় ভোগান্তি বেড়েই চলেছে।
ভুক্তভোগী হাসনা হেনা (৪৫) নামের এক গৃহবধূ বলেন, দরজা-জানালা বন্ধ রেখেও দুর্গন্ধ ঠেকানো যাচ্ছে না। গন্ধে সারাক্ষণই বমি বমি লাগে। খাওয়া-দাওয়া করাও কঠিন হয়ে পড়েছে। এ গৃহবধূ শহরের ভৈরবপুর মহল্লার আবদুর রহমান কালা মিয়া সড়ক এলাকার বাসিন্দা। সড়কটি নালার পানিতে ডুবে আছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চার বছর আগে সড়কটির পাশে নালা বানায় পৌরসভা। গত প্রায় ছয় মাস ধরে এ নালার পানি উপচে সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস উল্লাহ এলাকাবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘এ সমস্যার জন্য নাগরিকদের চাপের মধ্যে আছি। সমাধানের জন্য পৌর পরিষদে কথাবার্তা চলছে।’
শহরের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক ‘মালাগুদাম’। এ সড়ক দিয়েই নৌবন্দরের মালামাল পরিবহন করা হয়। এখন নালার পানিতে ডুবে আছে সড়কটি। ভৈরবপুর মহল্লার নালার পানি নিষ্কাশন পথটি ভরাট হয়ে যাওয়ায় তিন মাস ধরে এ সমস্যা হচ্ছে।
এই সড়কের পাশের ব্যবসাপ্রতিষ্ঠান আরাফাত অ্যান্ড ব্রাদাসের ব্যবস্থাপক খায়রুল মাহমুদ বলেন, নালার পানি জমে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। পানিতে রাস্তা ডুবে থাকায় কোথাও গর্ত আছে কি না বোঝা যায় না। এ কারণে গর্তে পড়ে প্রতিদিনই কোনো না কোনো রিকশা বা ইজিবাইক উল্টে যাচ্ছে।
ভৈরবপুর উত্তরপাড়া সংযোগ সড়কে আশপাশের একাধিক নালার পানি ঢুকে পড়ায় সেখানে কীটপতঙ্গ বিচরণ করছে। হাঁস-মুরগি ঠুকরে ঠুকরে সেসব কীটপতঙ্গ খাচ্ছে। তা ছাড়া হাজী জহির উদ্দিন মসজিদ সড়ক, আবদুর রহমান কালা মিয়া সড়কসহ ঘোড়াকান্দা ও পঞ্চবটী এলাকার বেশ কয়েকটি স্থানে নালার পানি জমে আছে। এসব সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চাকায় দূষণ ছড়িয়ে পড়ছে পুরো শহরে।
এলাকাবাসীর অভিযোগ, ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত পৌরসভাটি মর্যাদায় প্রথম শ্রেণীর হলেও দীর্ঘ সময়েও নাগরিক সুবিধা খুব একটা বাড়েনি। বরং দিন দিন নোংরা, অপরিচ্ছন্ন ও দূষণে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে শহরটি।
পৌরসভার মেয়র মো. শাহিন এ সমস্যার জন্য পৌরবাসীর সচেতনতার অভাবকে দায়ী করে বলেন, ‘ময়লা-আবর্জনা ফেলে স্থানীয়রাই প্রতিটি নালার মুখ বন্ধ করে ফেলেছে। তাই পানি সরতে পারছে না।’ তবে সমস্যার স্থায়ী প্রতিকারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।