ভৈরবে গৃহবধূর লাশ উদ্ধার গ্রেপ্তার ১
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শুক্রবার ভোরে রহিমা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রহিমাকে হত্যার অভিযোগে তাঁর বাবা দ্বীন ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এতে রহিমার স্বামী সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। আজির খাঁ নামে সাদ্দামের এক ভগ্নিপতিকে পুলিশ গ্রেপ্তার করেছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, এক বছর আগে ভৈরব পৌর সদরের জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের (২৪) সঙ্গে উপজেলার কালিকাপ্রসাদ উত্তরপাড়ার রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক চেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রহিমাকে নির্যাতন করতেন। কিছুদিন আগে সাদ্দাম তাঁকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। এতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। শ্বশুর-শাশুড়ি ও ভগ্নিপতি আজির খাঁর সমর্থনে সাদ্দাম স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রহিমার ওপর নির্যাতন শুরু করেন সাদ্দাম। এতে তাঁর মৃত্যু হয়। পরে রহিমার লাশ ঘরে ঝুলিয়ে রাখা হয়।দ্বীন ইসলাম বলেন, ‘কিছুদিন পর পর সাদ্দাম টাকা চাইত। এবার আবদার রাখতে না পারায় আমার মেয়েরে পিটাইয়া মাইরা ফালাইছে।’অভিযোগ অস্বীকার করে রহিমার শ্বশুর শহীদ মিয়া বলেন, ‘রহিমা ও সাদ্দাম নানা কারণে ঝগড়া করত। তাদের ঝগড়ায় আমি কোনো সময় খুব বেশি কথা কইতাম না। তা ছাড়া রহিমা মানসিক রোগী ছিল। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছে।’ভৈরব থানার ওসি সরাফত উল্লাহ বলেন, রহিমার হাত, পা ও মাথায় আঘাতের চিহ্ন আছে। রহিমাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে।