ভৈরবে ঘরওয়ালারা বরাদ্দ পেলেন ঘর
একাধিক ঘর আছে, কিশোরগঞ্জের ভৈরবে এমন ব্যক্তিদের ‘যার জমি আছে, ঘর নেই’ প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রকৃত গৃহহীনেরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে গৃহহীনদের আবাসন সুবিধার আওতায় আনতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘যার জমি আছে, ঘর নেই’ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পটি গৃহীত হয় ২০১৪-১৫ অর্থবছরে। অন্তত নিজস্ব তিন শতাংশ জমি থাকলেও অর্থের অভাবে ঘর নির্মাণ করতে পারছেন না—প্রতি ইউনিয়ন থেকে এমন একজন ব্যক্তিই সুবিধাভোগী হবেন। গৃহনির্মাণবাবদ তাঁকে দেওয়া হবে ২ লাখ ২১ হাজার ৬৯৪ টাকা। নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য সুবিধাভোগী তিন ব্যক্তির নাম প্রস্তাব করবেন ওই ইউপির চেয়ারম্যান। বিবেচনার জন্য নামগুলো পাঠিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে। পরে ওই দপ্তর থেকে মনোনীত নামের বিপরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থ ছাড় করবেন।
কিশোরগঞ্জের জন্য বরাদ্দ করা হয়েছে ১০৯টি ঘর। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪১ লাখ ৬৪ হাজার ৬৪৬ টাকা। এর মধ্যে ভৈরবের সাতটি ইউনিয়নের জন্য আছে সাতটি ঘর। সাতটির মধ্যে কালিকাপ্রসাদ ও শ্রীনগর ইউনিয়নের সুবিধাভোগী নির্বাচন নিয়ে স্বজনপ্রীতি এবং ঘুষ নিয়ে প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
সম্প্রতি ইউনিয়নবাসীর পক্ষে কালিকাপ্রসাদের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. হুমায়ুন ইউএনওর কাছে লিখিত অভিযোগটি করেন। অভিযোগে বলা হয়, তাঁর ইউনিয়নে ইউনুস মিয়া নামের এক ব্যক্তিকে ওই সুবিধা দেওয়া হয়েছে। ইউনুস সম্পদশালী। তাঁর তিন ছেলে ঢাকায় ব্যবসা করেন। তাঁর চারটি ভিটিতে টিনের ঘর আছে। ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ৮০ হাজার টাকা ঘুষ নিয়ে ইউনুসকে প্রকল্পের সুবিধা পাইয়ে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ফজলুল কবির বলেন, ‘আমরা শুধু তিনজনের নাম প্রস্তাব করেছি। পরে ওই নামের ওপর তদন্ত হয়েছে। চূড়ান্ত অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। টাকা-পয়সা ইউএনওর হাতে। ব্যয়ও করছেন তাঁরা। এ রকম একটি প্রকল্পের অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই।’
এদিকে শ্রীনগরের ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন তাঁর শ্যালিকার স্বামী আলাল উদ্দিনকে ওই সুবিধা পাইয়ে দেন বলে অভিযোগ ওঠে। আলাল উদ্দিন ক্ষুদ্র ব্যবসায়ী। বাড়িতে তাঁর টিনের ঘর আছে। তবে ইউপি চেয়ারম্যান মোশারফ জানান, শ্যালিকা হিসেবে নয়, ঘর নেই—এ বিবেচনাতেই প্রকল্পের সুবিধা পেতে তিনি সাহায্য করেছেন।
গত শুক্রবার (১৫ মে) ইউনুসের বাড়িতে গিয়ে দেখা যায়, ইউএনওর কার্যালয়ের কর্মচারীদের তত্ত্বাবধানে প্রকল্পের ঘর নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন ঘরের পাশে রয়েছে চারটি টিনের ঘর। ঘর থাকার কথা স্বীকার করে ইউনুসের স্ত্রী সৎ মেহের বেগম জানান, ঘর চারটি এখন তাঁর তিন ছেলের নিয়ন্ত্রণে। ছেলেদের সঙ্গে তাঁদের ভালো সম্পর্ক নেই। দেখাশোনাও করে না।
শ্রীনগরে আলালের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন ঘরের পাশে আলালের টিনের একটি বড় ঘর রয়েছে।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ইউএনও জেসমিন আক্তার বলেন, বিষয়টি তিনি দেখছেন।