ভৈরবে চার মাস ধরে বাড়তি বিল গুনতে হচ্ছে গ্রাহকদের
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চার মাস ধরে বিদ্যুতের অধিকাংশ গ্রাহককে ৩৩ শতাংশ বাড়তি বিল গুনতে হচ্ছে। ফলে তাঁদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কার্যালয় থেকে বলা হচ্ছে, ডিজিটাল মিটার লাগাতে উদ্বুদ্ধ করতে অ্যানালগ মিটারের গ্রাহকদের শাস্তি হিসেবে এই অতিরিক্ত বিল নেওয়া হচ্ছে। তবে ডিজিটাল মিটার স্থাপন করা গ্রাহকদের অনেকেই অভিযোগ করেছেন, তাঁদের কাছ থেকেও বাড়তি বিল আদায় করা হচ্ছে।
চলতি মাসের প্রথম দিকে এই বিষয়ে সমাধান চেয়ে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীদের সঙ্গে মত বিনিময় করেন। ওই সভায় বাড়তি বিল থেকে মুক্তি ও প্রদেয় বিল সমন্বয় করার প্রতিশ্রুতি দেন প্রকৌশলীরা। কিন্তু এখনো বিষয়টির সুরাহা হয়নি।
ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে ময়মনসিংহ অঞ্চলের প্রধান নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের এক নির্দেশে অ্যানালগ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার সংযোজনের আদেশ আসে। এই মাসের বিলের কাগজে ১০ দিনের মধ্যে মিটার পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। তার পর থেকেই প্রতি মাসে গ্রাহকদের অতিরিক্ত বিল গুনতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ বিভাগের একাধিক প্রকৌশলী জানান, ডিজিটাল মিটার সংযোজন হলে বিদ্যুৎ চুরি বন্ধ হবে এবং সঠিক রিডিং পাওয়া যাবে। এ কারণে অ্যানালগ মিটার পরিবর্তনে আগ্রহী করার জন্য চাপ বা শাস্তি হিসেবে গ্রাহকদের ওপর বাড়তি বিল যুক্ত করা হচ্ছে। মিটার পরিবর্তন করলেই গ্রাহকেরা এ সমস্যা থেকে মুক্তি পাবেন। এরই মধ্যে অনেক গ্রাহক ডিজিটাল মিটার সংযোজন করেছেন। তাঁদের অনেকেই বাড়তি বিল থেকে মুক্তি পাননি বলেও অভিযোগ উঠেছে।
ভৈরব আবাসিক বিদ্যুৎ কার্যালয়ের নির্দেশ অনুযায়ী এরই মধ্যে অ্যানালগ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার সংযোজন করেছেন প্রায় ৫০ শতাংশ গ্রাহক। ডিজিটাল মিটার লাগানোর পরও অনেক গ্রাহকের কাছ থেকে বাড়তি বিল নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পৌর শহরের চণ্ডীবের মধ্যপাড়ার আবদুস ছাত্তার জানান, অ্যানালগ মিটার থাকা অবস্থায় চার মাস থেকে গড়ে প্রতি মাসে ৯২৫ টাকা বিল আসত। ডিজিটাল মিটার লাগানোর পরও আগের বিলই আসছে। রাজমিস্ত্রি বাদল মিয়া বলেন, ‘আমি স্বল্প আয়ের মানুষ। বাড়তি বিল আসায় আমাকে প্রতি মাসে ২০০ টাকা বেশি দিতে হচ্ছে। বাড়তি বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হয়।’
ভৈরব বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ইসরাফিল জানান, এরই মধ্যে ৫০ ভাগ গ্রাহক ডিজিটাল মিটার সংযোজন করেছেন। এতে একদিকে আয় বেড়েছে, অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। বাড়তি বিলের কী হবে, জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান।