ভৈরবে ছাত্রলীগ সভাপতির কার্যালয়ে হামলা, গ্রেপ্তার ১
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতির কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে। গত সোমবার বিকেলে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাঁর টিনপট্রির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটায়। কার্যালয়টি স্থানীয়ভাবে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় হিসেবে পরিচিত। ঘটনার সময় কার্যালয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে ছিলেন না ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. এ্যামি বাদী হয়ে মামলা করেছেন।পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি ইউসুফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব বাজারের শাহিদা টেলিকমের মালিক স্থানীয় সোহাগ মিয়া। এ্যামিও একটি মুঠোফোন দোকানের মালিক। গ্রেপ্তার হওয়া ইউসুফ মিয়ার মামা বাচ্চু মিয়ার কাছে এক লাখ ৩০ হাজার টাকা পাবেন এ্যামি। বাচ্চু মিয়া টাকা ফেরত দিচ্ছেন না। সোহাগ মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে ইউসুফ কর্মচারী হিসেবে কাজ করেন। সোমবার বিকেলে ইউসুফকে ডেকে এনে টাকা ফেরত চেয়ে চাপ দেন এ্যামি।ওই ঘটনার সূত্র ধরে হামলার ঘটনা ঘটে। এ্যামি বলেন, ‘পাওনা টাকা কখন ফেরত দেবে জিজ্ঞেস করার জন্য ইউসুফকে ডেকে আনায় সোহাগ উত্তেজিত হয়ে যায়। পরে আমাদের বসার জায়গা ছাত্রলীগ সভাপতির কার্যালয়ে হামলা করে।’ সোহাগ মিয়ার বাবা সাইজ উদ্দিন বলেন, ‘এ্যামি টাকা পাবে ইউসুফ মিয়ার মামা বাচ্চু মিয়ার কাছে। ওই টাকার জন্য এ্যামি ছাত্রলীগের সভাপতির কার্যালয়ে নিয়ে ইউসুফকে বেধড়ক মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিস চলছিল। তখন তৃতীয় একটি পক্ষ আমাদের অজান্তে ছাত্রলীগের সভাপতির অফিসে হামলা চালায়।’ ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান বলেন, ‘এ্যামিসহ ছাত্রলীগের সদস্যরা আমার অফিসে এসে আড্ডা দেয়। ঘটনা হয়েছে এ্যামির সঙ্গে অথচ হামলা হয়েছে আমার অফিসে। বিষয়টি ছাত্রলীগের ওপর আঘাত বলে আমরা মনে করি।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, হামলার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে সোহাগ মিয়াকে। এ ঘটনায় ১৩ নম্বর আসামি ইউসুফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।