ভৈরবে ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ছাদ থেকে পড়ে তানজিনা আক্তার (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার একটি বাড়ির ছাদ থেকে পড়ে তিনি মারা যান।

তানজিনা স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও কলেজ সূত্রে জানা যায়, তানজিনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে। দুই বান্ধবীকে নিয়ে কলেজের কাছে একটি ভাড়া বাসায় থেকে তিনি পড়াশোনা করতেন। দুপুর ১২টার দিকে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।

তানজিনার রুমমেট ও হাজী আসমত কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী রুবিনা বেগম বলেন, বাসায় গিয়ে তানজিনা এক ছাত্রকে প্রাইভেট পড়াত। প্রাইভেট পড়িয়ে কক্ষে আসার পর তিনি দুপুরের রান্না করেন।

রুবিনা বলেন, আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। তানজিনা বৃষ্টিতে ভিজতে পছন্দ করতেন। বৃষ্টিতে ভিজবেন বলেই তিনি ছাদে ওঠেন। ভবনটি একতলা। ছাদে রেলিং ছিল। তবে কীভাবে ছাদ থেকে পড়লেন, তা তিনি জানেন না।

কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ বলেন, ‘তানজিনা অত্যন্ত ভালোভাবে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দুর্ঘটনার খবরে পুরো কলেজে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।