ভৈরবে ছিনতাই হওয়া মাইক্রোবাস উদ্ধার গ্রেপ্তার ৭
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ি এলাকা থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাসটি গত বুধবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ে জড়িত সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে। তাঁরা হলেন উপজেলার কমলপুর এলাকার জহিরুল ইসলাম (২৭), মো. আমিন (২৭), মোহাম্মদ আলী (২০), জামাল মিয়া (২৮), বাজিতপুরের আনোয়ার পারভেজ (২৬), কটিয়াদীর মাসুক মিয়া ওরফে মিশু (৩০) ও অষ্টগ্রামের আদমপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩৩)।র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন আটক ব্যক্তিদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রথম আলোকে বলেন, ১১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে ভৈরবে আসার কথা বলে সিরাজুল ইসলাম একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসটি ভৈরবের বাঁশগাড়ি এলাকায় আসামাত্র আগে থেকে ওত পেতে থাকা অন্য সহযোগীরা সেটির গতি রোধ করে। তারা তিনটি মুঠোফোন সেটসহ গাড়িটি ছিনতাই করে। ঘটনার পরদিন চালক আবুল হাসেম বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেন। গত বুধবার ভৈরবের কমলপুর থেকে জহিরুল ও আমিনকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য পাঁচজনকে আটক করা হয়। তাঁদের একজন কটিয়াদীর মাসুক মিয়ার গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করা হয়।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, আটক হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলা বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।