ভৈরবে জনতার হাতে মেছো বাঘ আটক

কিশোরগঞ্জের ভৈরবে একটি মেছো বাঘ ধরা পড়েছে। গতকাল বুধবার রাতে পৌর শহরের কালিপুর এলাকা থেকে জনতা মেছো বাঘটি ধরে একটি কক্ষে আটকে রাখে।
এলাকাবাসী জানায়, বুধবার রাত বারোটার দিকে কালিপুর এলাকার ‘কিশোর সমিতি’-সংলগ্ন স্থানে মেছো বাঘটি একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। তখন কিছুটা দূরে গিয়ে আশ্রয় নেয়। পরে এলাকাবাসী মেছো বাঘটি ধরে ‘কিশোর সমিতি’ নামে একটি সংগঠনের কক্ষে আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
রিপন মিয়া, মো. আপেল ও সালাম মিয়া নামে তিন তরুণ জানান, রাতে মেছো বাঘটি তাঁদের নজরে আসে। পরে আরও লোক জমা হলে সবাই মিলে ঘেরাও করে মেছো বাঘটি ধরা সম্ভব হয়। মেছো বাঘটিকে মুরগির কাঁচা মাংস খেতে দেওয়া হয়েছে। কিন্তু কিছুই খাচ্ছে না।
কিশোরগঞ্জ বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোমেন ভূঁইয়া জানান, এটি মেছো বাঘ প্রজাতির। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদের উপস্থিতিতে মেছো বাঘটি বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। পরে এটিকে ময়মনসিংহ বন বিভাগের অধীনে দেওয়া হবে।