ভৈরবে জমি দখলের পাঁয়তারার অভিযোগ প্রতিবাদ সভা
কিশোরগঞ্জের ভৈরবে একটি পরিবারের জমি দখল করে নেওয়ার পাঁয়তারা চলছে। হুমকি আর ষড়যন্ত্রের মাধ্যমে তাঁদের উচ্ছেদ করে দখল প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। এই অবস্থায় দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে এলাকার একটি অংশের মানুষ। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহর জগন্নাথপুর এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, জগন্নাথপুর এলাকার মৃত কলিম উদ্দিনের তিন মেয়ে আসমা আক্তার, সাইমা আক্তার ও হাসনা হেনা তাঁদের পৈতৃক বসতবাড়ির সাড়ে নয় শতাংশ জমি স্থানীয় নাসরিন আক্তারের কাছে বিক্রি করেন। বর্তমানে একই এলাকার সাদেক মিয়া ও উসমান মিয়া ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন। শুধু তা-ই নয়, দখল পেতে নানা ষড়যন্ত্র করে চলেছেন। বিশেষ করে নাসরিন আক্তারের স্বামী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট মশিউর রহমানের বিরুদ্ধে তাঁরা উঠেপড়ে লেগেছেন। মশিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কর্মস্থলে তাঁকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।ব্যবসায়ী আহম্মেদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সবুজ সারোয়ার, যুবলীগের নেতা আল-আমীন, শিক্ষক শওকত আলী, সিরাজ মিয়া, আসমা আক্তার, সাইমা আক্তার প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। এদিকে সাইমা আক্তার অভিযোগ করেন, দখলদারেরা কাউকে মানছেন না। মানছেন না আদালতের রায়ও।অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ সাদেক মিয়া বলেন, ‘১৯৫৬ সালের বাটোয়ারার মাধ্যমে আমরা ওই জমি ভোগদখল করে আসছি। আমাদের অনেকটা অন্ধকারে রেখে প্রতিপক্ষরা আদালতের রায় এনে জমি বিক্রি করে দিয়েছেন। ভূমি ফিরে পেতে আমরাও পাল্টা আদালতে গিয়েছি।’