ভৈরবে জুতার মার্কেটে আগুন
কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার বিকালে পৌর শহরের কমলপুর এলাকার ‘হাজী পাদুকা মার্কেটে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রাত পৌনে আটটা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, হাজী পাদুকা মার্কেটে এক হাজারের বেশি জুতার কারখানা আছে। কারখানার এক পাশে আছে একটি রাবার কারখানা। বিকেল সাড়ে চারটার দিকে রাবার কারখানা থেকে আগুনের শিখা বের হয়ে আসতে দেখা যায়। রাবার কারখানার পাশেই প্রাণ কোম্পানির বেকারির কারখানা রয়েছে। রাবার কারখানা থেকে প্রাণ কোম্পানির বেকারিতে কারখানায় ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া লালু-কালু পাদুকা মার্কেটে।
ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভায়।
ভৈরব ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কতটি কারখানা পুড়েছে, তা-ও নিশ্চিত নয়।
ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন দাবি করেন, এখন পর্যন্ত অন্তত শতাধিক জুতা কারখানা পুড়ে গেছে। এতে অন্তত অর্ধশত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।