ভৈরবে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে সফিক মিয়া (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে একই মাদ্রাসার ছাত্র সফিকের বন্ধু কাওসার হাবিব (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহরপুর গ্রামে।গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।ভৈরব রেলওয়ে পুুলিশ জানায়, সফিক ও কাওসার হাবিব বাজিতপুরের সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। সফিক নবম ও কাওসার দশম শ্রেণীর ছাত্র। ঢাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে তারা বাজিতপুর থেকে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী হয়। ট্রেনটি বিকেল তিনটার দিকে ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয়। তখন তারা ট্রেন থেকে নেমে কাউন্টার থেকে টিকিট কাটে। লম্বা সারি মাড়িয়ে টিকিট কাটার সময় তারা দেখতে পায়, ট্রেনটি ছেড়ে যাচ্ছে। তখন তারা চলন্ত ট্রেনে উঠতে চেষ্টা করে। এ সময় সফিক ছিটকে ট্রেনের নিচে পড়ে যায়। কাওসার পড়ে লাইনের পাশে। ঘটনাস্থলে সফিকের মৃত্যু হয়। সামান্য আহত হয় কাওসার।