ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে সমাবেশ হয়েছে। ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া এই প্রতিবাদ কর্মসূচির আহ্বান করেন। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সমাবেশটি হয় মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে। এতে কয়েক শ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ভৈরব জংশন স্টেশন। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথে এই স্টেশনটির গুরুত্ব অনেক। প্রতিদিন স্টেশনটিতে বিভিন্ন গন্তব্যের ১৮টি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। দুঃখজনক হলেও সব কটি আন্তনগর ট্রেনের টিকিট নির্দিষ্ট সময়ের পরে কাউন্টারে পাওয়া না গেলেও ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কালোবাজারিদের কাছে ঠিকই পাওয়া যায়। এককথায় আন্তনগর ট্রেনের ৯০ শতাংশ টিকিট কালোবাজারিদের নিয়ন্ত্রণে কেনাবেচা হয়ে আসছে। টিকিটপ্রতি বাড়তি ১০০–২০০ টাকা দিয়ে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে হচ্ছে। বছরের পর বছর প্রকাশ্যে টিকিট কালোবাজারি হলেও প্রতিকারে স্টেশন কর্তৃপক্ষ তেমন কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। টিকিট কালোবাজারির সঙ্গে স্টেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী জড়িত। ফলে প্রতিদিন যাত্রীরা প্রতারিত হচ্ছেন। আর লাভবান হচ্ছেন কালোবাজারি ও স্টেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী। সমাবেশ থেকে টিকিট কালোবাজারি বন্ধে স্টেশন কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। তা না হলে জনতার প্রতিরোধে পড়তে হবে স্টেশন কর্তৃপক্ষকেই।

এই ক্ষেত্রে গণ–অভিযোগ আছে, টিকিট কালোবাজারির সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী জড়িত। তবে সমাবেশ থেকে ক্ষমতাসীন দলটির নেতারা দাবি করেন, টিকিট কালোবাজারির সঙ্গে ক্ষমতাসীন দলের কোনো নেতা-কর্মী জড়িত নন।

সমাবেশ থেকে টিকিট কালোবাজারি ছাড়াও স্টেশনে পকেটমারসহ অপরাধী চক্রের দৌরাত্ম্যে উদ্বেগ প্রকাশ করা হয়। ২ নম্বর প্ল্যাটফর্মটির দুই পাশে প্রায় অর্ধশত দোকান বসিয়ে যাত্রীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর প্রতিকার দাবি করা হয়।

আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল মেয়র মির্জা সুলায়মান, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অরুণ আল আজাদ, ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মনসুর প্রমুখ।