ভৈরবে ডাকাতির অভিযোগে ৯ ব্যক্তি গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে গত কয়েক দিনে পাঁচ বাড়িতে ডাকাতি ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। গত শুক্রবার থেকে টানা অভিযান চালিয়ে গতকাল রোববার ভোর পর্যন্ত তারা নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় লুট হওয়া কিছু স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া নয়জন হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর দক্ষিণ পাড়ার মো. রুবেল, মো. অলি উল্লাহ, একই উপজেলার দড়ি বালুয়াকান্দি গ্রামের আল আমিন, রাজনগর বর্দাকান্দি গ্রামের শাহাব উদ্দিন মিয়া, ডৌকারচর গ্রামের নাজিম উদ্দিন, পিরিজকান্দি গ্রামের রসুল আমিন, নরসিংদী সদর উপজেলার দাসপাড়ার ইলিয়াস মিয়া, আটপাইখা গ্রামের আনোয়ার হোসেন, ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর মহল্লার খোকন মিয়া। তাঁদের নরসিংদী, ভৈরব ও হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত কয়েক দিনে ভৈরবে বেশ কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ৬ ডিসেম্বর পৌর শহরের পঞ্চবটি মহল্লার আহসানুল হকের বাড়ি থেকে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় আহসানুল হক বাদী হয়ে ভৈরব থানায় ডাকাতির অভিযোগে মামলা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, ‘ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বিশেষ দল গঠন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিয়াউল আহসান এবং সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সায়িদ আহমেদ অভিযান সমন্বয় করেন। ৭২ ঘণ্টার অভিযানে আমরা ডাকাতদের শনাক্ত করতে পেরেছি। এরই মধ্যে লুট হওয়া তিন জোড়া কানের দুল ও একটি আংটি উদ্ধার হয়েছে।’
অভিযানে অংশ নেওয়া পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (তদন্ত) মো. নাজিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ডাকাত। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
৮ ডিসেম্বর প্রথম আলোতে ‘ভৈরব ও কসবায় একের পর এক ডাকাতি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।