ভৈরবে ডায়রিয়ার প্রাদুর্ভাব, এক সপ্তাহে আক্রান্ত তিন শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে তিন শতাধিক শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাসপাতালে মিলে প্রায় অর্ধশত রোগী চিকিৎসা নিচ্ছে। রোগী বেশি থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন।
জানা যায়, এক সপ্তাহ আগ থেকে ভৈরবের শিমুলকান্দি, শ্রীনগর ও আগানগর ইউনিয়নে ডায়রিয়া পরিস্থিতির অবনতি হতে শুরু করে। ওই তিন ইউনিয়নের অসংখ্য অভিভাবক প্রতিদিন তাঁদের সন্তানদের নিয়ে সরকারি হাসপাতালে ছুটে আসছেন। কিন্তু শয্যা না পেয়ে তাঁরা ঢাকা অথবা স্থানীয় ক্লিনিকে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ জহির উদ্দিন বলেন, জলাশয়ে পানি কমে যাওয়ায় এবং শুষ্ক মৌসুম শুরু হওয়ায় কোথাও কোথাও ডায়রিয়ার জীবাণু মারাত্মকভবে সক্রিয় হয়ে উঠেছে। এ মুহূর্তে শিশুদের বিশুদ্ধ পানি পান ও টাটকা খাবার খাওয়াতে হবে এবং তাদের খাবার ও শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত ৩৭ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শয্যা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে আরও অর্ধশত রোগীকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরবের আনোয়ারা জেনারেল হাসপাতাল, আলশেফা, মা ও শিশু, আবেদীন, মাতৃকা ও মদিনা হাসপাতালে প্রায় অর্ধশত শিশু ভর্তি আছে।
গত বুধবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গিয়ে দেখা যায়, ১১ শয্যার শিশু ওয়ার্ডে ২৫ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ২২ শিশুই ডায়রিয়ায় আক্রান্ত। অনেক শিশুকে মেঝেতে রেখে স্যালাইন দেওয়া হচ্ছে।
সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের কবিতা বেগম বলেন, দুই দিন ধরে তাঁর ১১ মাসের শিশু তানভির পাতলা পায়খানা করছে। এ কদিনে তাঁদের গ্রামের অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
পরিস্থিতি সামলাতে কষ্ট হওয়ার কথা স্বীকার করে শিশু ওয়ার্ডের সেবিকা কল্পনা বানু বলেন, বেশির ভাগ শিশুকে শয্যা দেওয়া যাচ্ছে না। আর মেঝেতে রেখে স্যালাইন দেওয়া খুবই কষ্টকর।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।