ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপনে মুঠোফোনে এক মেয়ের ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের নাজিম উদ্দিনের বাড়ি ও নুরুল ইসলাম মাস্টারের বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে নাজিম উদ্দিন (৪২), তাঁর মেয়ে অন্তরা বেগম (২০), বাড়ির নাছিমা বেগম (৩২), জুয়েল মিয়া (১৮) ও জুলেখা বেগম (৪২) এবং নুরুল ইসলাম মাস্টারের বাড়ির মাহমুদা বেগম (২২), আলী আকবর (২১) ও মোমেনা বেগমকে (৪৮) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নাজিম উদ্দিন বাড়ির এক মেয়েকে নুরুল ইসলাম বাড়ির যুবক আমান উল্লাহ উত্ত্যক্ত করে আসছেন। গত সোমবার মেয়েটি নিজেদের গোসলখানায় গোসল করছিল। আমান উল্লাহ কৌশলে মুঠোফোনে মেয়েটির ছবি তোলেন। বিষয়টি বুঝতে পেরে মেয়েটি পরিবারের সদস্যের জানায়। বিষয়টি নিয়ে গতকাল বিকেলে সালিস হওয়ার কথা ছিল। তার আগেই সকাল সাড়ে ১০টার দিকে নুরুল ইসলাম মাস্টারের বাড়ির লোকজন নাজিম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এরপর দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।মেয়েটি জানায়, ‘ছবি তোলার বিষয়টি পরিবারকে জানানোয় আমান উল্লাহ আমাকে আরও ক্ষতি করার হুমকি দেয়। তার পর হামলা চালায়।’ অভিযোগ অস্বীকার করে আমান উল্লাহ বলেন, ‘আমি মেয়েটির ছবি তুলিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে।’সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, কিছুক্ষণ আগে এক পক্ষের রবীন মিয়া নামের একজন লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।