ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০ বাড়িঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছে। এক পক্ষের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার মিরারচর গ্রামের নয়াবাড়ি ও বড়বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে আম্বিয়া বেগম (৬৮), মোশারফ হোসেন (২৭), ফারুক মিয়া (৩০) ও সুজন মিয়াকে (১৮) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জালাল উদ্দিনকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সানি মিয়া (১২) ও খোকন মিয়াকে (২৫) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মঙ্গলবার গ্রামের মাঠে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এতে বড়বাড়ি ও নয়াবাড়ির দুই দল অংশ নেয়। খেলা চলাকালে আম্পায়ারের দেওয়া কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এর জের ধরে নয়াবাড়ির জালালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। গতকাল সকালে খবর আসে, আহত জালাল মারা গেছেন। এই খবরে নয়াবাড়ির লোকজন বড়বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় দুটি ঘরে আগুন দেওয়া হয়।