ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে দোলন মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের নয়াহাটি ও বড় কান্দাপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় অনেকে জানান, গ্রামের নয়াহাটি পাড়ায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আছির উদ্দিনের এবং বড় কান্দায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিনের প্রভাব বেশি। নয়াহাটির যুবকদের বিরুদ্ধে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ তোলায় ছয় মাস আগেও একবার দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। তখন বড় কান্দাপাড়ার পক্ষ নেন গ্রামের পরিখারপার ও পাড়াতলা পাড়ার লোকজন।
সেই ঘটনার জের ধরে গত বুধবার সকালে নয়াহাটি ও পরিখারপার পাড়ার লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। বিকেলে নয়াহাটির লোকজন পরিখারপার পাড়ার একজনকে মারধর করেন। এ নিয়ে গতকাল সকালে নয়াহাটি ও পরিখারপার পাড়ার মাঝামাঝি স্থানে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হন বড় কান্দার দোলন মিয়া। মুমূর্ষু অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত ব্যক্তিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন গতকাল বিকেলে জানান, এটা মূলত প্রভাব বিস্তারের দ্বন্দ্ব। এ ছাড়া মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। দোলন মিয়া নিহত হওয়ার ঘটনায় বড় কান্দার পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নয়াহাটির রুহুল আমিন নামের এক যুবককে আটক করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে।