ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রয়েছেন।পৌর কর্তৃপক্ষ জানায়, ভৈরব বাজারে প্রবেশের মূল সড়কের বঙ্গবন্ধু সরণিতে পৌরসভার ২০ শতাংশ ভূমি দখলে রেখেছেন মো. নিয়ামত উল্লাহ ও শেফায়েত উল্লাহর পরিবারের সদস্যরা। সকাল সাড়ে নয়টার দিকে পৌর কর্তৃপক্ষ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। এ উপলক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে স্থানীয় শহীদ মিনার চত্বরে পৌর মেয়র সমাবেশ করেন। সমাবেশ চলাকালে হঠাৎ করে শেফায়েত উল্লাহর পরিবারের সদস্যরা লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় সমাবেশে উপস্থিত যুবকেরা পৌর কর্তৃপক্ষের পক্ষ হয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম ও বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাছির উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।