ভৈরবে দুই মাসে অটোরিকশার দুজন চালক খুন
দুই মাসের ব্যবধানে কি েশারগঞ্জের ভৈরবের সিএনজিচালিত অটোরিকশার দুই চালক খুন হয়েছেন। একই সঙ্গে দুর্বৃত্তরা তাঁদের অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এ ছাড়া গত দুই মাসে উপজেলা থেকে চারটি অটোরিকশা ছিনতাই হয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অটোরিকশার চালকেরা।সর্বশেষ বৃহস্পতিবার জেলার কুলিয়ারচর পৌরসভার বেইলি সেতুর কাছ থেকে মহিউদ্দিন (১৭) নামের অটোরিকশার এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মহিউদ্দিনের বাড়ি ভৈরব পৌর শহরের পঞ্চবটী মহল্লায়। তার পরিবারের সদস্যরা জানায়, মহিউদ্দিন মঙ্গলবার দুপুরের খাবার শেষে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। গত বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে কুলিয়ারচর থানার পুলিশ। তবে অটোরিকশাটি উদ্ধার করা যায়নি। এর আগে ১ জুলাই ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চানপুর গ্রামের অটোরিকশার চালক খলিলুর রহমান খুন হন। তাঁকে খুন করে দুর্বৃত্তরা তাঁর অটোরিকশাটি নিয়ে যায়। পরে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকার পূর্বপাড়া গ্রামের কাঁচা সড়কের পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ওই ঘটনার পর ভৈরবের সিএনজিচালিত অটোরিকশার চালকেরা আন্দোলনে নামেন। সড়কে নিরাপত্তা জোরদার করার দাবিতে তাঁরা ধর্মঘট কর্মসূচিও পালন করেন।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা প্রথম আলোকে বলেন, অটোরিকশা ছিনতাইকারীদের হাতে মহিউদ্দিন খুন হতে পারেন।এদিকে দুই মাসের ব্যবধানে দুজন চালক খুন এবং চারটি অটোরিকশা ছিনতাই হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন চালকেরা। অটোরিকশার চালকদের সংগঠন ‘ভৈরব শ্রমজীবী একতা সমিতি’র সভাপতি মামুন মিয়া বলেন, ‘সড়কে আমরা সবচেয়ে বেশি অনিরাপদ। কখনো ছুরিকাঘাত, আবার কখনো খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মামুন মিয়া আরও বলেন, একের পর এক ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ার কারণে ছিনতাইকারীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। এ অবস্থায় আমাদের আবার আন্দোলন শুরু করা ছাড়া আর কোনো উপায় নেই।’