ভৈরবে দেয়াল ধসে ২ নির্মাণ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভায় দেয়াল ধসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের মামুন মিয়া (২৭) ও একই উপজেলার রামনগর এলাকার বিল্লাল মিয়া (৩৬)। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ভৈরব শহরের উত্তর পাড়ায় নর্দমা নির্মাণ করছে পৌর কর্তৃপক্ষ। গোফরান মিয়া নামের এক ব্যক্তির বাড়ির সীমানাপ্রাচীর ঘেঁষে নর্দমার মাটি কাটার সময় দেয়াল ধসে তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বিল্লাল ও মামুন মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া আক্তার জানান, আহত অপর শ্রমিকের অবস্থা শঙ্কামুক্ত। ভৈরব পৌরসভার মেয়র মো. শাহিন বলেন, এই ঘটনায় ঠিকাদারের দায়িত্বে অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হবে। এ ধরনের কোনো প্রমাণ পেলে পৌর আইনে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদার আবু বক্কর বলেন, আগের রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় দেয়ালের নিচের অংশ দুর্বল হয়ে সেটি ধসে পড়ে।