ভৈরবে নদীতে ট্রলারডুবি, আট যাত্রী নিখোঁজ
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গতকাল বুধবার বেলা তিনটার দিকে ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী ট্রলার ডুবে আটজন নিখোঁজ হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভৈরব থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি ডুবেছে বলে ধারণা করা হচ্ছে।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ভৈরব বাজার থেকে ৩০-৪০ জন যাত্রী ও মালামাল নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাচ্ছিল।
বেলা তিনটার দিকে সেটি ঘাট থেকে মাত্র ১০০ গজ দূরে যেতেই ডুবে যায়। যান্ত্রিক ত্রুটি থাকায় ট্রলারটির চলাচলের অনুমোদন ছিল না। ত্রুটির কারণেই নদী শান্ত থাকার পরও এটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
ট্রলারডুবির পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আটজন নিখোঁজ হন। ট্রলারের মাঝি শাহীন মিয়া ও জসিম মিয়াকে পুলিশ আটক করেছে। রাত আটটা পর্যন্ত নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারটিরও হদিস মেলেনি।