ভৈরবে নয় দিনে ৫০ বিঘা জমি মেঘনায় বিলীন
কিশোরগঞ্জের ভৈরবে নয় দিনের ব্যবধানে অন্তত ৫০ বিঘা ফসলি জমি মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। নয় দিন আগে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেহেন্দিপুর গ্রামে এ ভাঙন দেখা দেয়। এর পর থেকে ভাঙন আর থামেনি।
ক্ষতিগ্রস্ত লোকজনের ধারণা, গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় শুকনো মৌসুমে ফসলি জমি ভাঙনের কবলে পড়েছে। এর আগে কখনো ওই এলাকাটিতে ভাঙন দেখা দেয়নি বলে তাঁরা জানান।
গ্রামের কয়েকজন জানান, গ্রামটির ভেতর দিয়ে ভৈরব-মেহেন্দিপুর সড়ক নির্মাণকাজ চলছে। গ্রামটির কাছ থেকে খননযন্ত্রের মাধ্যমে বালু তুলে তা নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া এখান থেকে বালু তুলে প্রতিদিন ২০-২৫টি বলগেটের মাধ্যমে অন্যত্র নেওয়া হয়েছে। দুই সপ্তাহ ধরে বালু তোলার কাজটি করছেন ভৈরব পৌর কাউন্সিলর ও মৌসুমী এন্টারপ্রাইজের মালিক মিন্টু মিয়া।
অবশ্য মিন্টু মিয়া বলেন, ‘আমরা বালু তুলেছি ভাঙনকবলিত এলাকার অন্তত দুই কিলোমিটার দূর থেকে। এত দূর থেকে বালু তোলা হলে মেহেন্দিপুর ভাঙার কথা না।’ তাঁর দাবি, স্বাভাবিক ধারা অনুযায়ী নদী ভাঙছে। স্বার্থ আদায় করতে ব্যর্থ হওয়া একটি পক্ষ এখন সুযোগ বুঝে ভাঙনের দায় তাঁর কাঁধে চাপানোর চেষ্টা করছে।
সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হক বলেন, অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীর গভীরতা বেড়ে গেছে। এ কারণে দুই পাড়ই ভাঙছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, কিছুক্ষণ পর পর পাড় ভেঙে নদীতে পড়ছে। বাঁশ, বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন গ্রামবাসী। কিন্তু ভাঙন ঠেকানো যাচ্ছে না। তবে এখন বালু তোলা বন্ধ আছে। স্থানীয় লোকজন জানান, গ্রামবাসীর প্রতিরোধের মুখে দুই দিন আগে খননযন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে।
ভাঙনকবলিত এলাকায় গিয়ে কথা হয় মেহেন্দিপুর গ্রামের কৃষক সফি উদ্দিনের সঙ্গে। তিন বিঘা জমিতে তিনি বাদাম চাষ করেছিলেন। পুরো জমি এখন নদীতে চলে গেছে। আরেক কৃষক মানিক মিয়া বলেন, ‘বাবা পাঁচ বিঘা ভাঙনে খাইছে’। ছয় বিঘা জমিতে ২৫ হাজার টাকার বাদামের বীজ বুনেছিলেন কৃষক আলতাফ হোসেন। এখন তিনিও জমিহারা।
জহির মিয়া বলেন, ‘তিন দিন আগে নিরানি দিতে গিয়া জমি আর খুঁইজ্জা পাই না।’
কৃষক আনজুর আলী, আক্কাছ মিয়া, নূরে আলম, জহির মিয়া, সাদেক মিয়ার অভিযোগ, খননযন্ত্রের মালিক যদি তাঁদের নিষেধ মানতেন তাহলে এ সর্বনাশ হতো না।
উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, ইউএনওকে নিয়ে তিনি করণীয় নির্ধারণ করবেন।
ইউএনও জেসমিন আক্তার বলেন, আমার ধারণা ভাঙন এলাকাটি খাসজমি। ব্যক্তি মালিকাধীন হয়ে থাকলে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।