ভৈরবে পরোয়ানার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফরিদ মিয়া হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি আক্তার মিয়াকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভবানীপুর গ্রামের একটি ইটভাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আক্তারের বিরুদ্ধে ফরিদকে হত্যা শেষে ৪২ টুকরা করার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, আক্তার ২০০০ সাল থেকে একই এলাকার তাহের মিয়া ও ফরিদকে নিয়ে নদীতে ডাকাতি করতেন। ২০০৫ সালের জানুয়ারি মাসে ফরিদ তাঁদের সঙ্গ ছেড়ে স্বাভাবিক পেশায় আসেন। মাঝেমধ্যে পুলিশের গোপন তথ্যদাতা হিসেবেও ফরিদ কাজ করতেন। ২০০৫ সালের মে মাসে ফরিদকে ঘর থেকে ডেকে নিয়ে যান আক্তার ও তাহের। এর কিছুদিন পর নদী থেকে একটি বস্তায় এক ব্যক্তির টুকরা টুকরা মৃতদেহ পাওয়া যায়। পরে ওই লাশ ফরিদের বলে শনাক্ত হয়। পরে নিহতের পরিবার আক্তার ও তাহেরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। গত সেপ্টেম্বরে তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ।
তাহের জবানবন্দিতে স্বীকার করেন, তিনি আক্তারকে সঙ্গে নিয়ে ফরিদকে হত্যা করেন।