ভৈরবে পাদুকা মার্কেট ও হোসেনপুরে বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে একটি পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে শহরের কমলপুর এলাকার হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মার্কেটে চার শতাধিক জুতার কারখানা রয়েছে। কারখানার এক পাশে আছে একটি রাবার কারখানা। গতকাল বিকেল পাঁচটার দিকে রাবার কারখানা থেকে আগুনের শিখা বের হয়ে আসতে দেখা যায়। রাবার কারখানার পাশেই প্রাণ কোম্পানির বেকারি কারখানা রয়েছে। রাবার কারখানা থেকে প্রাণ কোম্পানির বেকারিতে আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া লালু-কালু পাদুকা মার্কেটে।
মার্কেটের ব্যবসায়ীরা বলেন, মার্কেটটি টিনশেডের। জুতার কারখানার শ্রমিকেরা গভীর রাত পর্যন্ত কাজ করেন। ভোরে কারখানায় ঘুমিয়ে দুপুরের দিক ওঠেন। দুপুরের খাওয়ার পর বিকেলের দিকে কাজে যোগ দেন। ঘটনার সময় বেশির ভাগ শ্রমিক মার্কেটের বাইরে ছিলেন। আগুনের কালো ধোঁয়ায় পুরো মার্কেট আচ্ছাদিত হয়। তখন পুরো মার্কেটে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। কারখানায় কর্মরত শ্রমিকেরা দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। দ্রুত সরাতে গিয়ে প্রায় সব কারখানার কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়। আগুনে হাজী ফুল মিয়া মার্কেটের অন্তত শতাধিক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভৈরব পাদুকা মালিক সমিতির সভাপতি আ. লতিফ বলেন, প্রতিটি কারখানা ২০ থেকে ২৫ লাখ টাকার কাঁচামাল মজুত করে রেখেছিল। আগুনে বেশির ভাগ কারখানার কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়।
তবে ভৈরব চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, আগুনে অন্তত অর্ধশত কোটি টাকার ক্ষতি হয়েছে।
ভৈরব ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কিশোরগঞ্জের হোসেনপুর বাজারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, দোকানসহ ২৪টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে হোসেনপুর উপজেলা পরিষদের কাছে হনুমানতলায় নুরুল ইসলামের লেপ-তোশকের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পাশের দোকান ও বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয় ব্যক্তিদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হোসেনপুর থানার ওসি মো. নান্নু মোল্লা বলেন, আগুনে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করা হয়।