ভৈরবে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের দেওয়া বিষে কিশোরগঞ্জের ভৈরবে একটি পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। গতকাল শনিবার ভোর থেকে মাছ মরে ভেসে উঠতে থাকে। এলাকাবাসী জানান, ভৈরব উপজেলার রাজনগর গ্রামের দুলাল মিয়ার বড় একটি পুকুর আছে। পাঁচ মাস আগে পুকুরে পোনা ছাড়া হয়। গত শুক্রবার প্রতিবেশী বাবুল মিয়ার ছেলে মোয়াছের মিয়ার সঙ্গে পুকুর মালিকের ছেলে সিজান মিয়ার তর্ক হয়। এ ঘটনায় বাবুল মিয়ার লোকজন দুলাল মিয়াকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় গতকাল সকালে পুকুরে গিয়ে দেখা যায়, মাছ মরে ভেসে উঠছে। পুকুরের মালিক দুলাল মিয়ার দাবি, রাতের আঁধারে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এ ঘটনার জন্য তিনি বাবুল মিয়াকে দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করে বাবুল মিয়ার বাবা নওয়াজ মিয়া বলেন, আগের দিন বাগিবতণ্ডা হলেও পুকুরে বিষ দেওয়ার ঘটনায় আমাদের সম্পৃক্ততা নেই।