ভৈরবে পৃথক সংঘর্ষে একজন নিহত, আহত ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ও কালিকাপ্রসাদের আদর্শপাড়া গ্রামে গত দুই দিনে পৃথক সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। পুলিশ এ ঘটনায় ১৯ জনকে আটক করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীনগর গ্রামে পার্শ্ববর্তী আগানগর ইউনিয়নের হরেশপুর গ্রামের মহরম আলীর বাড়ির তারা মিয়ার কৃষিজমি রয়েছে। ওই জমিতে তারা মিয়া মরিচ চাষ করেছেন। গত শুক্রবার বিকেলে শ্রীনগর গ্রামের আপন মিয়া ও রুস্তম মিয়া নামের দুই যুবক ওই জমির ওপর দিয়ে সাইকেল চালিয়ে যান। এতে জমির মালিক ক্ষুব্ধ হন। এ নিয়ে তাঁদের মধ্যে তর্ক হয়। পরে গ্রামবাসী বিষয়টি নিয়ে দুই ভাগে ভাগ হয়ে যান এবং সন্ধ্যায় সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। বেপারী বাড়ির ওই দুই যুবকের পক্ষে সংঘর্ষে অংশ নেন গ্রামের বাঘা বাড়ি, ফুল মিয়ার বাড়ি, মোস্তাক মিয়ার বাড়ি ও লায়েছ মিয়ার বাড়ির লোকজন। আর মহরম আলীর বাড়ির পক্ষে অংশ নেন রফিক মেম্বারের বাড়ি, চেয়ারম্যান হেলিম মিয়ার বাড়ি, আজমদী বাড়ি ও নয়াবাড়ির লোকজন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগের দিনের ঘটনার জের ধরে গতকাল শনিবার সকালে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের শত শত নারী-পুরুষ ফের সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মোহাম্মদ আলী (৪৮) নামের এক ব্যক্তি মারা যান। তিনি মহরম আলী বাড়ির পক্ষের। এ ছাড়া গতকালের সংঘর্ষে ৩০ জন আহত হন। মোহাম্মদ আলী নিহত হওয়ার পর প্রতিপক্ষরা হামলা চালিয়ে বেপারী বাড়ির লোকজনের ১২টি ঘর ভাঙচুর করেন।সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামে র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে শুক্রবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ আদর্শপাড়া গ্রামের সরকার বাড়ি ও ফুল মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফুল মিয়ার বাড়ির লোকজনের সঙ্গে সরকার বাড়ির এক ব্যক্তির বাগিবতণ্ডা হয়। বিষয়টি রাতেই এলাকাবাসীর মধ্যস্থতায় মীমাংসা করা হয়। কিন্তু শুক্রবার সকালে দুই পক্ষ আবার তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ছয়টি ঘর ভাঙচুর করা হয়।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির গতকাল বিকেলে বলেন, অতি সাধারণ ঘটনা নিয়ে দুটি সংঘর্ষ হয়েছে। মোহামঞ্চদ আলী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।