ভৈরবে প্রকাশ্যে সিল বাজিতপুরে হট্টগোল
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। বাজিতপুর পৌরসভার বিভিন্ন কেন্দ্রে হট্টগোল ও সংঘাত হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। কটিয়াদী পৌরসভায় শান্তিপূর্ণ ভোট হয়েছে।
ভৈরবে বিএনপির প্রার্থী মো. শাহীন বলেন, ‘এখানে ভোট হয়েছে কাউন্সিলর যার যার, মেয়র আমরার (আওয়ামী লীগ) পদ্ধতিতে। ভোটাররা কাউন্সিলর প্রার্থীর ব্যালট পেপারটি বুথে নিতে পারলেও মেয়রেরটি রেখে যেতে হয়েছে। সেটিতে ক্ষমতাসীন দলের এজেন্টরা প্রকাশ্যে নৌকায় সিল মেরে বাক্সে ফেলেছেন।’
সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার দিকে ভৈরবের শাহীন হাজি আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে বিএনপির প্রার্থীকে নৌকার সমর্থকেরা বের করে দেন। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. শামীম নামে ছাত্রদলের এক কর্মীকে পুলিশ আটক করে। এরপর থেকেই কেন্দ্রের পরিবেশ চরম বিশৃঙ্খল। সকাল পৌনে ৯টা থেকে ১০টা পর্যন্ত হাজি আসমত ও চণ্ডিবের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে বি পাইলট উচ্চবিদ্যালয় এবং এম পি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্টরা ছিলেন নীরব। কেন্দ্রগুলো পুরোপুরি আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের নিয়ন্ত্রণে ছিল। বেশির ভাগ কেন্দ্র থেকে বেলা ১১টার পর ধানের শীষের এজেন্টরা চলে যান।
দুপুর পৌনে ১২টার দিকে বাজিতপুরের পৈলানপুর কেন্দ্রে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ সারি। আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের হট্টগোলের কারণে কেন্দ্রটিতে সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত ভোট নেওয়া বন্ধ ছিল। প্রিসাইডিং কর্মকর্তা সাফি উদ্দিন কিছু সময়ের জন্য ভোট নেওয়া স্থগিত করার কথা স্বীকার করেন। ৬২ নম্বর চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাতের কারণে বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ভোট নেওয়া বন্ধ ছিল। নিতারকান্দি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকেরা আধিপত্য বিস্তারের চেষ্টা করলে আতঙ্কে অনেকে ভোট না দিয়ে ফিরে যান। দুপুরের পর অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষ এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শওকত আকবরের এজেন্টরা বের হয়ে যান।
শওকত আকবর বলেন, ‘স্থানীয় সাংসদ আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন আওয়ামী লীগের প্রার্থী। সাংসদ বিধি ভঙ্গ করে কেন্দ্রে প্রভাব বিস্তার করেন। এ কারণে আমার ভোটাররা স্বস্তিতে ভোট দিতে পারেননি।’
সাংসদ আফজাল হোসেন বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে শওকত আগেভাগে নির্বাচন থেকে সরে কালিমা লাগানোর চেষ্টা করছেন।’
বাজিতপুরের বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, ৯ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মনির হোসেন নামের এক ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে। বুকে নৌকা প্রতীকের ব্যাজ লাগিয়ে অনেকে বুথের ভেতর অবাধে আসা-যাওয়া করছেন।
সকাল ১০টা ৫১ মিনিটে কুলিয়ারচরের কুলিয়ারচর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল ভোট দেখা যায়। বেগম নুরুন্নাহার কেন্দ্রেরও একই চিত্র। দুপুরের পর কেন্দ্রগুলো আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানের কর্মী ও সমর্থকদের নিয়ন্ত্রণে চলে যায়। আতঙ্কে ধানের শীষের বেশির ভাগ এজেন্ট কেন্দ্র ছেড়ে চলে যান।
বিএনপির প্রার্থী সাফি উদ্দিন বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকে ক্ষমতাসীনরা পুলিশি হয়রানির মাধ্যমে আমার কর্মী ও সমর্থকদের নির্বাচন থেকে দূরে রেখেছে। ভোটের দিন কেন্দ্রে প্রবেশ করে প্রকাশ্যে নৌকায় ভোট দিয়েছে আর আমার এজেন্টদের বের করে দিয়েছে।’