করোনা সংক্রমণ এড়াতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় গেল বছর প্রথমবারের মতো ‘কোরবানির পশুর ডিজিটাল হাট’ চালু করে। প্রযুক্তিনির্ভর এই হাট নিয়ে খামারিদের আগ্রহ থাকলেও গেল বছরের বিক্রির সাফল্য কেবল একটি গরু।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু ভৈরব নয়, গেল বছর দেশের কোথাও ক্রেতার খুব বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারেনি ডিজিটাল হাট। তবে এবার যেকোনো মূল্যে সাফল্য পাওয়ার তাগিদ আসছে মন্ত্রণালয় থেকে। এবার প্রস্তুতিও শুরু হয়েছে আগে থেকেই। এরই মধ্যে মন্ত্রণালয়ের সচিব সারা দেশের প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে ভার্চ্যুয়াল সভা করেছেন। সভা থেকে ডিজিটাল হাটের সাফল্য পেতে কিছু টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে।
গেল বছর ডিজিটাল হাট নিয়ে বিভাগটির কর্মরতরা গা ছাড়া ভাব নিয়ে থাকলেও এবার ফুসরত নেওয়ার সময় নেই তাঁদের। প্রতিদিন গরুর ভালো ছবি সংগ্রহ করা, ওজন, রং ও জাত নির্ধারণ করা এবং সম্ভাব্য মূল্য বসিয়ে ‘কোরবানির পশুর ডিজিটাল হাট’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোলা পেজে আপলোড দিতে হচ্ছে। ভৈরবে প্রতিদিন গড়ে আপলোড হচ্ছে প্রায় দুই শ।
গত বৃহস্পতিবার ভৈরব প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, খামারিদের উপস্থিতিতে সরব কার্যালয়। অনেকে গরু ও ছাগলের ছবিসহ প্রয়োজনীয় তথ্য নিয়ে আপলোডের অপেক্ষায়।
পেজে তথ্য আপলোডের দায়িত্বে আছেন মাঠ সহকারী মো. শহীদুল্লাহ। তিনি জানালেন, প্রতিদিন দুই থেকে তিন শ পশুর তথ্য আপলোড করার নির্দেশনা রয়েছে। শুক্রবার হয়েছে ১৮২টি এবং আগের দিন বৃহস্পতিবার হয়েছে ১৫০টি পশুর তথ্য। সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের পেজে আপলোডের সংখ্যা ৬২০।
প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, করোনা সংক্রমণের মাত্রা ছড়িয়ে দিতে পশুর হাট বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে বলে ধারণা বিভাগটির। ফলে প্রাণিসম্পদ বিভাগ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে বিকল্প উপায় বের করতে মন্ত্রণালয়ের প্রতি সরকারেরও তাগিদ রয়েছে। প্রাণিসম্পদ বিভাগ এই মুহূর্তে ডিজিটাল হাট সক্রিয় করাটাকে বিকল্প মনে করছে। এই জন্যই এবার ডিজিটাল হাটে জোর দেওয়া হয়েছে। ভৈরবে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় আট হাজার। আর খামারিদের হাতে পশু রয়েছে ১০ হাজার ১০৬টি।
গেল বছর পেজে পশুর তথ্য আপলোড হয়েছিল মাত্র ২১২টি। এবার ২ হাজার ৫০০ পশুর তথ্য আপলোড করার নির্দেশনা রয়েছে ভৈরব কার্যালয়ের প্রতি।
গেল বছর ডিজিটাল হাটের সাফল্য না আসার কারণ জানতে কথা হয় খামারি, ক্রেতা এবং প্রাণিসম্পদ বিভাগের একাধিক জনের সঙ্গে। তাঁদের অনেকের ভাষ্য, গেল বছর প্রাণিসম্পদ বিভাগ বিষয়টিকে কেবল অন্য সব দাপ্তরিক দায়িত্বের মতোই একটি দায়িত্ব মনে করেছে মাত্র। এই বিষয়ে আন্তরিকতার ছোঁয়া ছিল না। প্রচার ছিল না। ফলে বিষয়টি প্রাণিসম্পদ কার্যালয় আর খামারিদের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। ক্রেতা পর্যায়ে পৌঁছায়নি।
পৌর শহরের কালিপুর এলাকার বস্তা ব্যবসায়ী আজগর আলী। গেল বছর তিনি হাট থেকেই পশু কিনেছেন। ডিজিটাল হাট থেকে কেন নয়, এমন প্রশ্নে তাঁর উত্তর, ‘ছবি দেইখা গরু কিনুম? এইডা আবার কেমনে? সব ঠিকঠাক আছে কি না, তা কি ছবি দেইখা বোঝা যায়?’
উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের রাশিদ মিয়ার খাসি পেজে আপলোড হয়েছে দুই দিন আগে। রাশিদ জানালেন, তথ্যে উল্লেখ থাকা মুঠোফোন নম্বরে এখন পর্যন্ত কেউ হ্যালো বলেনি।
খামারি জোনাইদ মিয়ার বাড়ি পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়ায়। তাঁর গরুর ধরন ষাঁড়। ওজন পাঁচ মণ। পেজে এই তথ্য গেছে বুধবার। জোনাইদ জানালেন, এখনো তিনি কোনো ক্রেতার সাড়া পাননি।
প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, ডিজিটাল হাট নিয়ে প্রস্তুতি ভালো। খামারিদের আগ্রহও বেশ। কিন্তু ভয় কেবল ক্রেতাদের নিয়ে। এবারও তাঁদের ধারণা, ক্রেতারা খুব বেশি ডিজিটাল হাটমুখী না–ও হতে পারেন। কারণ, এক সপ্তাহ আগে থেকে পেজে আপলোড চলমান থাকলেও এখন পর্যন্ত এই বিষয়ে ক্রেতাদের আগ্রহ লক্ষ করা যায়নি। এ ছাড়া বিশেষ প্রচারও নেই।
এই অবস্থায় শঙ্কার কথা মাথায় রেখে ডিজিটাল হাট সক্রিয় রাখার পাশাপাশি বাধ্য হয়ে এবার ভৈরবে তিনটি স্থানে সরাসরি হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। এগুলো হলো সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকা মাঠ, কালিকাপ্রসাদ ও শিমুলকান্দি মাঠ।
ভৈরব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে ডিজিটাল হাট পরিচালিত হচ্ছে। গেল বছর বিক্রির সাফল্য একটি গরু, এবার কী হতে পারে, এমন প্রশ্নে বিব্রত রফিকুল ইসলাম। তবে তিনি বলেন, মন্ত্রণালয় বিষয়টির ওপর খুবই জোর দিয়েছে। আমরাও তৎপর। কিন্তু পশু কিনবেন ক্রেতা। এখন অপেক্ষা, তাঁদের মানসিকতা পরিবর্তন হয়েছে কি না, তা দেখার।