জলবায়ু বিপর্যয় হতে মুক্তি ও শিল্পোন্নত দেশগুলোর কাছ থেকে ন্যায্যতা আদায়ের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে প্রতীকী প্রতিবাদ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় প্রধান শহীদ মিনারের পাদদেশে প্রতীকী ‘প্রতিবাদ মানব স্ট্যাচু’ নির্মাণ করে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে মুক্তির দাবি জানানো হয়। ‘জলবায়ু ন্যায্যতা সপ্তাহ’ উপলক্ষে সাদ বাংলাদেশ নামে স্থানীয় একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও জনপ্রতিনিধির অংশ গ্রহণে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, শিল্পোন্নত দেশগুলো অতিরিক্ত কার্বন নিগর্মন করছে। তাই পৃথিবী এখন কার্বন নিঃসরণ সন্ত্রাসের শিকার। এ কারণে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দরিদ্র অঞ্চলগুলোতে পানিসংকট দেখা দিয়েছে। উপকূলীয় এলাকা ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। মাছের উৎপাদন ৩০ শতাংশ কমে গেছে। বিজ্ঞানীদের দেওয়া তথ্যমতে, কার্বন নির্গমনের বর্তমান গতি অব্যাহত থাকলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মানুষের প্রাণহানি তিন গুণ বেড়ে যাবে। ২১০০ সাল নাগাদ পৃথিবী থেকে মানব প্রজাতি বিলুপ্ত হতে পারে। এ ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ। সংগঠনের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন পৌর কাউন্সিলর ফরিদ মিয়া, পৌরসচিব দুলাল মিয়া, সংগঠনের কর্মী নজরুল ইসলাম প্রমুখ।