ভৈরবে প্রয়োজনীয় সরবরাহ পেল টিকাদান কেন্দ্রগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর চণ্ডীবের দক্ষিণপাড়ার নিলুফা ইয়াসমিনের বাড়িতে গিয়ে গতকাল বুধবার স্বাস্থ্যকর্মীরা তাঁর শিশুর টিকার ব্যবস্থা করেছেন। এর আগে দুই দিন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে নিলুফা আড়াই মাস বয়সী সন্তানের টিকা (ভ্যাকসিন) দিতে পারেননি। এদিকে টিকাদান কেন্দ্রগুলোতেও গতকাল ফিরে এসেছে স্বাভাবিক অবস্থা।
প্রথম আলোয় গতকাল ‘হরতালে সরবরাহ বন্ধ, শিশুদের টিকাদান ব্যাহত’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
গতকাল ভৈরব রেড ক্রিসেন্ট, তাঁতারকান্দি ও হাজী জনাব আলী প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে গিয়ে স্বাভাবিক চিত্র দেখা গেছে। কেন্দ্রগুলোতে আসা শিশুদের টিকা দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান কার্যালয় ওই ঘটনা তদন্তে কিশোরগঞ্জ সিভিল সার্জনের মাধ্যমে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। পৌর পরিষদ কার্যালয় থেকেও গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
কমিটির প্রধান ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) কামাল উদ্দিন বলেন, তদন্তে গত দুই দিন টিকাদান কিছুটা ব্যাহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।