কিশোরগঞ্জের ভৈরবে বর-কনের গাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল কনের স্বর্ণালংকার, বরের মুঠোফোন ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় বরের দুলাভাই মো. দুলাল মিয়াকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার চানপুর সেতু এলাকায় বর ও কনের গাড়িটি ডাকাতের কবলে পড়ে। আহত দুলাল মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।বরযাত্রীরা জানান, গত সোমবার সন্ধ্যায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের রেনু মিয়া বিয়ে করেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের মনির হোসেনের মেয়ে সাবিনা বেগমকে। তাঁরা গভীর রাতে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় করে ভৈরবের উদ্দেশে রওনা হন। ভোর পাঁচটার দিকে তাঁদের গাড়িগুলো চানপুর সেতু অতিক্রম করছিল। এ সময় সাত থেকে আটজনের ডাকাত দল গাড়ির গতি রোধ করে ডাকাতি করে। এ ব্যাপারে আহত দুলালের ছোট ভাই মো. মিলন মিয়া বাদী হয়ে ভৈরব থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। প্রধান অভিযুক্ত করা হয়েছে উপজেলার চানপুর গ্রামের তারা মিয়াকে (৫৫)। রেনু মিয়া বলেন, ‘ডাকাতেরা আমার স্ত্রীর শরীরে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালংকার, আমার মুঠোফোন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে গেছে।’ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন গতকাল বিকেলে বলেন, ‘আজ (মঙ্গলবার) নতুন ওসি কর্মস্থলে যোগ দেওয়ায় অভিযোগটি এখনো মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।’