ভৈরবে বাড়িতে ঢুকে পুলিশ কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে। এ সময় তাঁর কাছ থেকে ওয়্যারলেস সেট এবং মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। গত মঙ্গলবার রাত আড়াইটায় আলমগীরের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আলমগীরকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ধারণা, হত্যার উদ্দেশ্যে আলমগীরের ওপর ওই হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ওয়্যারলেস সেট উদ্ধারে গতকাল বুধবার ভোর থেকেই ভৈরব থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। এ ঘটনায় ভৈরব থানার এসআই নাহিদ হাসান পুলিশ কর্মকর্তাকে হত্যার চেষ্টা ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন।
পুলিশ জানায়, আলমগীর হোসেনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বড়হামিড়লী গ্রামে। দুই মাস আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বদলি হয়ে ভৈরব থানায় জ্যেষ্ঠ এসআই হিসেবে যোগ দেন তিনি। যোগদানের পর থেকে তিনি চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক অভিযান চালান। এতে স্থানীয় একাধিক প্রভাবশালী মহল আলমগীরের প্রতি ক্ষুব্ধ ছিল।
মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে আলমগীর থানা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। থানার কাছেই অবস্থিত ওই বাড়ির পঞ্চম তলায় তিনি একাই থাকতেন। দোতলায় ওঠার পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকারে ভবনের লোকজন জেগে গেলে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। এ সময় আলমগীরকে রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, আলমগীরের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে বাঁ কাঁধে দুটি এবং ডান কাঁধে একটি গুরুতর জখমের চিহ্ন রয়েছে। থানার ওসি সরাফত আলী বলেন, আলমগীর একজন চৌকস পুলিশ কর্মকর্তা। থানায় তাঁর যোগদানের পর থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা সুবিধা করতে পারছিল না। তাই তাঁকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়ে থাকতে পারে।