ভৈরবে বার্ড ফ্লু সাড়ে পাঁচ হাজার মুরগি নিধন
কিশোরগঞ্জ সদর এবং কটিয়াদীর পর এবার জেলার ভৈরবেও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) শনাক্ত হয়েছে। এই রোগে আক্রান্ত খামারের পাঁচ হাজার ৪০০ মুরগি গত বুধবার বিকেলে নিধন করা হয়েছে। ভৈরব উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানানো হয়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের একটি খামারে প্রথমে বার্ড ফ্লু শনাক্ত হয়। পরে ওই খামারের প্রায় সাত হাজার মুরগি নিধন করা হয়। তিন দিনের ব্যবধানে বার্ড ফ্লু ধরা পড়ে কটিয়াদীর একটি খামারে। এরপর থেকেই ভৈরব প্রাণিসম্পদ অফিস এ বিষয়ে খামারে খামারে নজরদারি বাড়িয়ে দেয়। দুই দিন আগে ভৈরব পৌর শহরের জগন্নাথপুর মহল্লার বুশরা পোলট্রি লেয়ার খামারের ১৪টি মুরগি একসঙ্গে মারা গেলে তাদের সন্দেহ জাগে। প্রাথমিক পরীক্ষার পর দ্রুত কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষায় বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর ওই দিনই ঢাকায় পাঠানো হয়। সেখানেও শনাক্ত হওয়ার পর গতকাল খামারের সব মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত হয়।ভৈরব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ. বাসেত বলেন, ওই সব খামারের মুরগি বা ডিম যেন বাজারে যেতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।