স্বামীহারা আম্বিয়া বিবির (৫২) সহায় বলতে ভৈরবের পানাউল্লাহর চরে ছিল একখণ্ড কৃষিজমি। সেই জমিতে ছিল মরিচখেত। পরিচর্যার জন্য কয়েক দিন আগে গিয়ে মরিচখেত খুঁজে পাননি আম্বিয়া। পার্শ্ববর্তী পুকুরে বিলীন হয়ে গেছে জমিটি। বালু তোলার জন্য ফসলি জমিতে কাটা হয়েছে পুকুরটি।আম্বিয়ার মতো অন্তত ২০টি পরিবার ওই বালু উত্তোলনের নেতিবাচক প্রভাবের শিকার হয়েছে। তাদের তিন একর ফসলি জমি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত অর্ধশত ব্যক্তির জমি।এভাবে কৃষিজমি থেকে বালু তোলার প্রতিবাদে মাঠে নেমেছেন ক্ষতিগ্রস্ত কয়েক শ নারী-পুরুষ। এক সপ্তাহ ধরেই তাঁরা মিছিল-সমাবেশ করে আসছেন। গতকাল সোমবার দুপুরে তাঁরা ভৈরব থানা কার্যালয় ঘেরাও করেন। এ ছাড়া ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ভৈরব থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক মিয়া। এতে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম ওরফে অলিকে। তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই বালুর ব্যবসা করে আসছেন অলিউল ইসলামের ভাই আক্তার হোসেন। তবে ক্ষমতাসীন দলের সমর্থন নিয়ে অলিউল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন আক্তার। তিনি সিন্ডিকেট গড়ে তুলে শুরু করেন বালু উত্তোলন। এ জন্য বেছে নেওয়া হয় পানাউল্লাহর চরের একটি কৃষিজমি। সেখানে পুকুর কেটে বালু তোলা শুরু হলে গ্রামবাসী প্রথমে বাধা দেয়। বাধার মুখে গ্রামবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়, আট ফুটের বেশি গভীর করা হবে না। তবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ৫০ থেকে ৬০ ফুট গভীর করা হয়েছে। এ কারণে পুকুরের পাড় ভেঙে আশপাশের কৃষিজমিও বিলীন হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক মিয়া (৪০) অভিযোগ করেন, ‘আমার ৩ শতাংশ জমি এহন নদী হইয়া গেছে। প্রতিকার চাইতে গিয়া উল্টা বকা খাইছি। তাদের সাফ উত্তর, তোমরার মাটি তোমরা আটকাইয়া রাখবা। আইয়া পড়লে কিছু করার নাই।’ তবে অভিযোগের ব্যাপারে ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম বলেন, ‘বালু তোলার কাজে আমার কোনো সায় নেই। তা ছাড়া আমি জনপ্রতিনিধি হওয়ার আগে থেকেই আমার ভাই এই ব্যবসার সঙ্গে জড়িত।’ ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ক্ষতিপূরণ চেয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এতে ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম, তাঁর ভাই আক্তার হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।