ভৈরবে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার বাসের চাপায় কাজি সুমন (২৪) ও কাজি সোহাগ (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁদের দুজনের বাড়ি উপজেলার বাঁশগাড়ি গ্রামে। আরেক মোটরসাইকেল আরোহী শশী মিয়া (২৩) আহত হন। তাঁর বাড়ি ভৈরবপুর গ্রামে। শশীকে স্থানীয় আল শেফা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেল আরোহীরা ভৈরব থেকে বাঁশগাড়ি গ্রামে যাচ্ছিলেন। পথে মিরারচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন ও সোহাগের মৃত্যু হয়। আশপাশের লোকজন আহত শশীকে উদ্ধার করে। হাইওয়ে পুলিশের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী এক ঘণ্টা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পাশের যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসকের অনুমতিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত কাজি সোহাগ প্রথম আলোর ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লার ভাগ্নে।