ভৈরবে বিএডিসির গুদাম বন্ধ ছয় মাস
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কিশোরগঞ্জের ভৈরব গুদাম থেকে ৪ হাজার ৮৩৫ মেট্রিক টন নন-ইউরিয়া সার গায়েবের ঘটনায় বন্ধ হওয়ার ছয় মাসেও চালু হয়নি গুদামটি। এতে ভৈরব গুদাম থেকে ৪ জেলার প্রায় ৩০০ ডিলার বরাদ্দ পাওয়া নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালক ও কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি নাদিরুজ্জামান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ঘটনা ঘটাল গুদাম-সংশ্লিষ্টরা। আর দায় নিতে হচ্ছে আমাদের।’ ডিও লেটার (চাহিদাপত্র) থাকার পরও বরাদ্দ আটকে রাখা ডিলারদের ওপর এক ধরনের নির্যাতন বলে তিনি মনে করেন।
বিএডিসির স্থানীয় কার্যালয় থেকে জানা যায়, ভৈরব গুদাম চালু হয় ১৯৭৪ সালে। ধারণক্ষমতা চার হাজার মেট্রিক টন। সরবরাহ এলাকা কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলা। ডিলার প্রায় ৩০০। গত বছরের ২০ নভেম্বর সার গায়েবের তথ্য ফাঁস হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ গুদামের সহকারী পরিচালক রেজাউল করিম ও গুদামরক্ষক খুরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করে। তখন কিশোরগঞ্জ জেলার যুগ্ম পরিচালক (সার) শহীদুল্লাহ শেখ বাদী হয়ে ওই দুজনকে আসামি করে মামলা করেন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গুদামের কার্যক্রম বন্ধ করার সময় ৪৫ ডিলারের হাতে ৪৬০ মেট্রিক টন সারের ডিও ছিল।
সে সময় ডিলারদের জানানো হয়েছিল, ঘটনা তদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম চালু করা হবে। আর চার জেলার ডিলারদের দেশের বিভিন্ন গুদাম থেকে সরবরাহ দেওয়া হবে। বর্তমানে বিভিন্ন গুদাম থেকে সরবরাহ পেলেও ডিও থাকা ৪৬০ মেট্রিক টন সার সরবরাহ দেওয়া হচ্ছে না।
এদিকে বর্তমানে দেশের বিভিন্ন গুদাম থেকে বরাদ্দ নিতে গিয়ে ডিলারদের ভোগান্তি ও আর্থিক ক্ষতি বাড়ছে। এই তথ্য জানিয়ে ডিলার ১৮ মে বিএডিসি কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে ভৈরব গুদাম খুলে দেওয়ার অনুরোধ করেন।
গুদাম বন্ধ থাকায় গাজীপুর জেলার ১১৭ মেট্রিক টন সার আটকে আছে। এর মধ্যে ডিলার রমিজ মিয়ার আছে ২৩ মেট্রিক টন। রমিজ বলেন, ‘আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যাংকঋণ নিয়ে ব্যবসা করি। সাড়ে চার লাখ টাকা দিয়ে ডিও কেটে সার পাচ্ছি না। এখন ব্যবসা নেই। আবার প্রতিদিন ঋণের সুদ বাড়ছে।’ শাহিন নামের আরেক ডিলারও একই কথা বলেন।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বকুল মিয়া সার পাবেন ২১ দশমিক ৭৫ মেট্রিক টন এবং ইটনার স্বপন সাহা পাবেন ১২ মেট্রিক টন। তাঁরা জানান, সহজ যোগাযোগের কারণে ভৈরব গুদাম থেকে সার নেওয়া সুবিধাজনক। এখন কুলিয়ারচর থেকে নিতে গিয়ে প্রতি মেট্রিক টনে ৮০ টাকা করে খরচ বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষক ও কৃষিপর্যায়ে।
গত মঙ্গলবার জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির তিন সদস্য বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম ও বগুড়া-৬ আসনের সাংসদ নূরুল ইসলাম ভৈরব গুদাম পরিদর্শন করেন।
গুদাম থেকে সার গায়েবের ঘটনায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গঠন করা তদন্ত কমিটির আহ্বায়ক আবদুল মান্নান বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে ওই চিন্তা মাথায় রেখে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে সংসদে তারা একটি প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনে ডিলারদের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে দ্রুত ভৈরব গুদাম খুলে দেওয়ার সুপারিশ করা হবে।