ভৈরবে বিএনপির কার্যালয় ও নেতার বাসভবন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা বিএনপির কার্যালয় ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শরীফুল আলমের বাসভবনে ভাঙচুর চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বিএনিপর কার্যালয় এবং সকাল ১০টায় শরীফুল আলমের বাসভবনে হামলা চালানো হয়। এ সময় শরীফুল আলম বাসভবনে ছিলেন না। শরীফুল দলীয় প্রতীক নিয়ে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।
উপজেলা বিএনপির নেতাদের দাবি, ছাত্রদলের নবগঠিত কমিটির পদবঞ্চিত একটি পক্ষ হামলায় জড়িত থাকতে পারে।
দলীয় সূত্র জানায়, ১১ বছর ধরে ভৈরব উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নেই। কমিটি গঠনের জন্য কয়েক বছর ধরে তরুণদের পক্ষ থেকে দাবি তোলা হয়। সম্প্রতি দাবি জোরালো হলে বিএনপির নেতারা কমিটি গঠনে উদ্যোগী হন। গত সোমবার শরীফুল আলমের বাসভবনে এ নিয়ে দিনব্যাপী সভা চলে। সভায় আলোচনার ভিত্তিতে জোবায়ের আল মাহমুদকে সভাপতি ও শহিদুল হককে সাধারণ সম্পাদক করে ছাত্রদল উপজেলা কমিটি ঘোষণা করা হয়। পৌর কমিটির সভাপতি করা হয় মাসুদ মোল্লাকে এবং একই কমিটির সাধারণ সম্পাদক হন মঞ্জুরুল ইসলাম। জাহিদুল হককে সভাপতি ও মো. পাভেলকে সাধারণ সম্পাদক করে কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এর পরই উত্তেজনার শুরু। বিশেষ করে পদবঞ্চিতদের বেশ কয়েকজন ওই সময় কক্ষ থেকে বের হয়ে যান।
গতকাল ভোরে প্রথমে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। হামলায় কার্যালয়টির দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নিউ টাউন এলাকায় অবস্থিত শরীফুল আলমের বাসভবনে হামলা চালিয়ে বাড়িটির দরজা ও জানালার কাচ ভেঙে ফেলা হয়। হামলাকারীরা ভেতরে ঢুকে চেয়ার-টেবিলে বাইরে ফেলে দেয় এবং টেলিভিশনসহ বৈদ্যুতিকসামগ্রী ভাঙচুর করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘কমিটি গঠন নিয়ে আমাদের মধ্যে বিরোধ হয়। ওই মতবিরোধ থেকে ছাত্রদলের একটি পক্ষ এই হামলা চালিয়ে থাকতে পারে।’