ভৈরবে বিএনপির কোন্দল নির্বাচনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে দুই মেয়র ও তিন কাউন্সিলর পদপ্রার্থীসহ বিএনপির ৫৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও মারধর করার অভিযোগে মামলাটি করেন যুবদলের নেতা রুবেল মিয়া।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিএনপির একটি পক্ষ প্রতিপক্ষের মেয়র প্রার্থীর মনোবল দুর্বল করে দেওয়ার জন্য মামলাটি দায়ের করেছে। তবে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. শাহিন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের লোকজন নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার জন্য বিএনপির নেতাদের দিয়ে ওই মামলা করিয়েছেন। আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করেছে।
মামলায় প্রধান আসামি করা হয় বিএনপির মেয়র পদপ্রার্থী মো. শাহিনকে। তিনি বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি। এ ছাড়া স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ডের আরিফুল খোকন, ৩ নম্বর ওয়ার্ডের মো. আক্তারুজ্জামান ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. পাপ্পুকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ইমতিয়াজ ও আরিফুল খোকনকে গ্রেপ্তার করে গতকাল কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আসামি হওয়ার কথা জানার পর পৌর মেয়র মো. শাহিন প্রথম আলোকে বলেন, ‘এই মামলার বাদী বিএনপি, তবে এজাহার লিখে দিয়েছে আওয়ামী লীগ।’
বিষয়টি স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, ভোটযুদ্ধে হারাতে পারবে না জেনে মাঠছাড়া করতে এই মিথ্যা মামলা দাঁড় করানো হয়েছে বলে তাঁর বিশ্বাস। এখানে বিএনপির কিছু নেতা-কর্মী ক্ষমতাসীনের ঢাল হিসেবে ব্যবহাহৃত হয়েছেন বলে তাঁর ধারণা।
তবে শাহিনের করা অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া বলেন, ‘এ আর নতুন কী। অপরাধ করবেন তাঁরা (বিএনপি) আর দায় চাপাবেন আমাদের (আওয়মী লীগ) ওপর—এটাই তো এখনকার বিএনপির রাজনীতি।’
দলটির নেতা-কর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য শরীফুল আলম ও ভৈরব উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। গিয়াস উদ্দিন বর্তমানে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান। একই সঙ্গে শরীফুল আলম আছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে।
এক-এগারোর পর সংস্কারপন্থী হওয়ার অভিযোগে গিয়াসকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর আলম ভৈরব উপজেলা বিএনপির একক নিয়ন্ত্রক হয়ে যান। গিয়াস দলের বাইরে থাকলেও দলীয় নেতৃত্বে টিকে থাকার বিষয়ে সরব ছিলেন। এই অবস্থায় দেড় মাস আগে আলমের নেতৃত্বে রফিকুল ইসলামকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ভৈরব উপজেলা বিএনপির কমিটি করা হয়। মেয়র পদপ্রার্থী মো. শাহিনকে সভাপতি ও যুবদলের নেতা মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে বিএনপির পৌর কমিটি।
এরপর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেনের নেতৃত্বে দলটির একটি অংশ নবগঠিত কমিটির বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে। এরপর পক্ষটি গিয়াস বলয়ভুক্ত হয়ে কমিটিকে চ্যালেঞ্জ করে আসছে।
৩০ নভেম্বর পৌর শহরের নিউ টাউন এলাকার শরীফুল আলমের বাসভবনে দলীয় প্রার্থীর নির্বাচনী বৈঠক চলাকালে গিয়াসের পক্ষ হামলা চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বৈঠক পণ্ড হয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর গিয়াসের পক্ষের পৌর যুবদলের সদস্য রুবেল মিয়া বাদী হয়ে আলম পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন। রুবেল পৌর বিএনপির সাবেক সভাপতি আলাল উদ্দিনের ছেলে।
রুবেল মিয়া বলেন, ‘হামলা করেছে তাই মামলা করেছি। তা ছাড়া শরীফুল আলমের পক্ষের হাতে নেতৃত্ব থাকলে বিএনপির মরনছাড়া বাঁচন নাই।’ তবে মামলার বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন গিয়াস উদ্দিন। তিনি জানান, গতকাল দুপুর পর্যন্ত ঘুমিয়েছিলেন।
মামলার উল্লেখযোগ্য অপর কয়েকজন আসামি হলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল লতিফ, মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মতি মিয়া, সাবেক আহ্বায়ক আ. রশিদ, পৌর যুবদলের সভাপতি হানিফ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আফজাল, সাবেক সভাপতি সোহেলুর রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাওয়ার্দী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বাছির মোল্লা।
মামলা হওয়ার পর গতকাল সকাল থেকে অভিযুক্ত প্রার্থীরা গণসংযোগ থেকে বিরত রয়েছেন। সমর্থকেরা কিছুটা হতাশ হয়ে পড়েছেন। মামলাটিকে অনেকে দেখছেন নির্বাচনের মাঠে দলীয় প্রতিপক্ষের কৌশলী পদক্ষেপ হিসেবে।