ভৈরবে বিদ্যুৎ প্রকৌশলীসহ দুজনেক কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের এক উপসহকারী প্রকৌশলী ও এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত উপসহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম ও সাহায্যকারী মো. শাহজাহানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পৌর শহরের নিউ টাউন এলাকার একটি তুষের লাকড়ি তৈরি কারখানার বিদ্যুৎ মিটারের রিডিংয়ে গিয়ে তাঁরা হামলার শিকার হন। ভৈরব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিউ টাউন এলাকার দুলাল মিয়া, তাঁর ভাই হানিফ মিয়া ও তাঁদের ব্যবসায়িক অংশীদার জনি মিয়ার তুষ দিয়ে লাকড়ি তৈরির একটি কারখানা আছে। তাঁদের বিরুদ্ধে মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগ আছে। এ অভিযোগে কিছুদিন আগে অভিযান চালানো হয়। তখন অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিদ্যুৎ চুরির দায়ে সে সময় তাঁদের দুই লাখ টাকা জরিমান ও প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জরিমানার কিছু অংশ পরিশোধ করার পর ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। গতকাল উপসহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম সাহায্যকারী মো. শাহজাহানকে নিয়ে মোটরসাইকেলযোগে ওই কারখানায় যান। সেখানে গিয়ে মিটার দেখার চেষ্টা করলে একদল লোক এসে তাঁদের ধরে কারখানার ভেতর নিয়ে বেঁধে কোপাতে থাকে। পরে তাঁদের উদ্ধার করে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভৈরব আলশেফা মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে উপসহকারী প্রকৌশলীর বাম কান দুই টুকরো হয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শাহজাহান মিয়ার বুকের ডান অংশ ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। ভৈরব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার সূত্রধর বলেন, ‘জরিমানা করার আক্রোশ থেকে হানিফ, দুলাল ও জনি মিয়ার লোকজন আমাদের কর্মরত দুজনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণদেবনাথ বাদী হয়ে হানিফ, দুলাল ও জনির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।’ এ ব্যাপাারে চেষ্টা করেও দুলাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে লাকড়ি কারখানায় কর্মরতরা জানান, ভৈরবের শতাধিক লাকড়ি কারখানা আছে। হাতে গোনা কয়েকটি ছাড়া সবগুলো কারখানায় কম-বেশি বিদ্যুৎ চুরি হয়।