কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুর গ্রামে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই দিন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জুনাইল এলাকায় ভটভটির চাপায় একজন বৃদ্ধ মারা গেছেন।
ভৈরবে নিহত ব্যক্তির নাম দিপু মিয়া (২৫)। তিনি ভৈরব পৌর শহরের নিউমার্কেটের মীম ফ্যাশন নামের একটি দোকানের মালিক। তাঁর বাড়ি পৌর শহরের কালিপুর এলাকায়। মাদারগঞ্জে নিহত ব্যক্তির নাম সফর আলী (৭০)। তিনি মদনগোপাল গ্রামের বাসিন্দা।
দিপুর পরিবারের সদস্যরা জানান, তিনি গতকাল বেলা দেড়টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের দিকে যাচ্ছিলেন। জামালপুর এলাকা পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান বলেন, তাঁরা দুর্ঘটনার কথা শুনেছেন।
পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আতিক আহমেদ জানান, দিপুর পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য গতকাল বিকেলে নিউমার্কেটের সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
মাদারগঞ্জের স্থানীয় সূত্র জানায়, গতকাল সফর আলী ভটভটিতে সিধুলী ইউনিয়ন পরিষদের একজন নারী সদস্য প্রার্থীর পক্ষে প্রতীক নেওয়ার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসছিলেন। বালিজুরি-ভাটারা সড়কের জুনাইল এলাকায় পৌঁছালে তিনি ভটভটি থেকে সড়কে পড়ে যান। এ সময় অন্য একটি ভটভটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।