ভৈরবে ব্যবসায়ীদের মিছিল-সমাবেশ
অপরিকল্পিতভাবে শহর রক্ষা বাঁধ নির্মাণের অভিযোগ এনে কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শনিবার মিছিল-সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। বন্দর এলাকায় দুপুর ১২টার দিকে মিছিল শেষে লঞ্চঘাট এলাকায় সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ২৯ কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর ভৈরব প্রান্তে শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কারণে নদীর পাড়সংলগ্ন বৈধ ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ সরকার চাইলে ব্যবসাপ্রতিষ্ঠান না ভেঙেও বাঁধ নির্মাণ করতে পারে। তাঁরা বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙলে শত কোটি টাকার সম্পদ বিনষ্ট হবে। পথে বসতে হবে প্রায় তিন শ পরিবারকে।ব্যবসায়ীরা বলেন, সাত দিনের মধ্যে বৈধ ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। ভৈরব শহর আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী ইফতেখার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভৈরব জ্বালানি তৈল পরিবেশ সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ভৈরব শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ ও ব্যবসায়ী জামাল উদ্দিন। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর সূত্র জানায়, শহর রক্ষা বাঁধের জন্য মালগুদাম এলাকা থেকে লঞ্চঘাট এলাকা স্থাপনামুক্ত করতে হবে। ওই এলাকার দু-একটি ছাড়া প্রায় সব স্থাপনা সরকারি জায়গায়। ভাঙনের হাত থেকে বন্দর ও শহরকে রক্ষা করার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।