ভৈরবে ব্যাংকের কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাজহারুল হক (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। পৌর শহরের রানীবাজার এলাকার একটি বাসা থেকে পুলিশ গতকাল শনিবার ভোরে ওই লাশ উদ্ধার করে।এবি ব্যাংক ভৈরব শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মাজহারুল হক আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করছে। নিহত ব্যক্তির সহকর্মী ও পরিবার সূত্র জানায়, তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। তিনি ২০০৩ সালের জানুয়ারিতে এবি ব্যাংক ভৈরব শাখায় যোগ দেন। শেয়ারবাজারে বিনিয়োগ করে দুই বছর আগে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন। চেষ্টা করেও সেই ক্ষতি পুষিয়ে উঠতে ব্যর্থ হয়ে তিনি হতাশ হয়ে পড়েন। এক বছর আগে তিনি বিয়ে করেন। ঢাকায় বসবাসকারী তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। মাজহারুল প্রতি বৃহস্পতিবার অফিস করে ঢাকায় যেতেন। গেল বৃহস্পতিবার ঢাকায় যাননি। শুক্রবার একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাঁর সহকর্মীরা রানীবাজারের বাসায় গিয়ে মাজহারুলের ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাজহারুলের লাশ উদ্ধার করে।এবি ব্যাংক ভৈরব শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, মাজহারুল গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অফিসে কাজ করেছেন। ব্যাংকে তাঁর কিছু ঋণ ছিল। তিনি দুই মাস আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। নিহত ব্যাংক কর্মকর্তার ভাই মো. ইমরান বলেন, পরিবারের সঙ্গে কোনো অস্বাভাবিক আচরণ করেননি মাজহারুল। তিনি আত্মহত্যা করতে পারেন, এমনটা ধারণা করা যায়নি।ভৈরব থানার ওসি শাহজাহান কবির বলেন, মাজহারুল সম্ভবত শেয়ার ব্যবসায় ক্ষতির মুখে আত্মঘাতী হয়েছেন। তাঁর ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এতে তাঁর ঋণের উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর জন্য তিনি কাউকে দায়ী করেননি।