ভৈরবে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় সাত মাসের শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশু জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম লামিয়া। সে কুলিয়ারচর উপজেলার ছয়সুতি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, লামিয়া কয়েক দিন ধরে পেটের পীড়ায় ভুগছিল। চিকিৎসার জন্য গতকাল দুপুরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর মো. তুষার নামের এক চিকিৎসক তার শরীরে ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পর সে মারা যায়। তখন তার সঙ্গে আসা মা-বাবা ও আত্মীয়রা কান্নাকাটি শুরু করলে তুষার ও কয়েকজন নার্স হাসপাতাল ছেড়ে চলে যান। এ খবর জানার পর তার আত্মীয়স্বজন এসে হাসপাতাল ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লামিয়ার বাবার দাবি, ‘আমার মেয়ে অসুস্থ হলেও স্বাভাবিকভাবে নড়াচড়া করত। ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমার মেয়ে চোখ বন্ধ করে ফেলে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ধারণা, ডাক্তারের ভুল চিকিৎসায় আমার মেয়ে মারা গেছে।’ এ বিষয়ে চিকিৎসক তুষারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক বুলবুল আহমেদ দাবি করেন, ‘লামিয়া ডায়রিয়ায় আক্রান্ত ছিল। হাসপাতালে আনার আগে থেকেই ওর অবস্থা ভালো ছিল না। আমাদের চিকিৎসক ওর শরীরে অ্যারোক্সোমাইসিন নামের একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়েছিল। সে কারণে নয়, মূলত ডায়রিয়ার আক্রান্ত হয়েই সে মারা গেছে। এখানে চিকিৎসকের কোনো গাফিলতি কিংবা ভুল ছিল না।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, এখনো শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।