ভৈরবে ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের ভৈরবে ভূমিদস্যুদের কাছ থেকে ব্যক্তিমালিকানাধীন ও খাসজমি রক্ষায় মানববন্ধন পালন করা হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল শনিবার ভৈরব পৌর শহরের প্রধান বরাদিয়া সড়কে এ মানববন্ধন করা হয়।মানববন্ধন চলাকালে বক্তারা জানান, ভৈরবে ক্ষমতাসীন দলের মদদ নিয়ে একাধিক ভূমিদস্যুর সিন্ডিকেট তৈরি হয়েছে। তাঁরা ভৈরবের ব্যক্তিমালিকানাধীন ও খাসজমি দখল করে চলেছেন। রাজনীতির মাঠে বিরোধ থাকলেও এ ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতা এক হয়ে ভূমি দখল করে যাচ্ছেন। সম্প্রতি একটি চক্র ভৈরবের বরাদিয়া সড়কের কাছে জোর করে ৩৫ শতাংশ ভূমি দখল করে বেষ্টনী দিয়েছে। এতে স্থানীয় প্রায় ১০টি পরিবার অসহায় হয়ে পড়েছে। মানববন্ধনের পর ভূমিদস্যুদের কাছ থেকে খাসজমি রক্ষায় প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন: স্থানীয় জাহান মিয়া, ফয়সুল আলম, মো. মহিবুল্লাহ, সেলিম মিয়া, শেফায়াত মিয়া, সুরুজ মিয়া, মো. হাবিবুল্লাহ প্রমুখ।