ভৈরবে যুগান্তর প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক যুগান্তর পত্রিকার কিশোরগঞ্জের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালক নাদিরুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে সাংবাদিক আসাদুজ্জামান গতকাল বৃহস্পতিবার ভৈরব থানায় সাধারণ ডায়েরি করেছেন। নাদিরুজ্জামান ভূঁইয়া ভৈরব উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পর্ষদের সহসভাপতি।
এদিকে আসাদুজ্জামানের নিরাপত্তা চেয়ে এবং হুমকি প্রদানকারীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে স্থানীয় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে প্রতিবাদ সভা হয়েছে। স্থানীয় সাংবাদিকসমাজ সভার আয়োজক। সভা থেকে আগামী তিন দিনের মধ্যে হুমকিদাতাকে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন সাংবাদিকেরা। এ সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে লাগাতার আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে বলে ঘোষণা আসে।
নাদিরুজ্জামান ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও ভৈরব উপজেলার সার পরিবেশক (ডিলার)। নাদিরুজ্জামান ভূঁইয়া নীতিমালা উপেক্ষা করে ৭ সেপ্টেম্বর নাসিরনগরের এক ব্যবসায়ীর কাছে সার বিক্রি করেন। এ বিষয়ে যুগান্তর পত্রিকায় আসাদুজ্জামানের পাঠানো প্রতিবেদন ছাপা হয়। এতে নাদিরুজ্জামান ক্ষুব্ধ হন।