ভৈরবে যুবকের লাশ উদ্ধার, বন্ধু গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে জনি মিয়া (২০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে জনির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জনির ঘনিষ্ঠ বন্ধু মুখলেছ মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, জনির বাড়ি ভৈরব পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণ পাড়া। তিনি পরিবারের অবাধ্য ছিলেন। অল্প দিন হলো মাদক সেবন করছেন। একই এলাকার মুখলেছ ছিল তাঁর ঘনিষ্ঠ। কিছুদিন ধরে বন্ধুর সঙ্গে জনির ভালো সম্পর্ক যাচ্ছিল না। গত সোমবার রাতে মুখলেছ এসে জনিকে ডেকে ঘর থেকে নিয়ে যান। রাতে আর জনি বাড়ি ফেরেননি। সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে তাঁর লাশ পাওয়া যায়। থানা হেফাজতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে মুখলেছ মিয়া বলেন, ‘রাতে জনিকে আমি ডেকে এনেছি সত্য। তবে দুই ঘণ্টার মতো আমার সঙ্গে ছিল। বাড়ি যাওয়ার কথা বলে চলে যায়।’ ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী বোঝা যায়, জনিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জনির বাবা আনার মিয়া বাদী হয়ে গ্রেপ্তার হওয়া মুখলেছকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন।