ভৈরবে রেললাইনের পাশ থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ভৈরব থেকে ইয়াসমিন বেগম (২৪) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভৈরব-ময়মনসিংহ রেলপথের ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার লাইনের পাশ থেকে ইয়াসমিনের মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহতের স্বামীর বাড়ির লোকজনের দাবি, ইয়াসমিন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তবে বাবার বাড়ির লোকজন বলছে, ট্রেনে কাটা পড়ে নয়—হত্যা করে লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। এলাকাবাসী জানান, ইয়াসমিন ভৈরব উপজেলার তুলাকান্দি গ্রামের ফজলুর রহমানের মেয়ে। চার বছর আগে একই উপজেলার শম্ভুপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে কাশেম মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। নিহত ইয়াসমিনের বাবা ফজলুর রহমান বলেন, ‘বিয়ের পর থেকে আমার মেয়ে এক দিনের জন্য স্বস্তিতে সংসার করতে পারেনি। বিশেষ করে নানা অজুহাতে টাকা চাইত মেয়ের জামাই। অনেকবার দিয়েছি। কয়েক দিন আগে টাকা চেয়ে পায়নি। এরপর থেকে আমার মেয়েকে মেরে ফেলার কথা বলে আসছে। আমার মেয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মরেনি। যৌতুক এনে দিতে না পারায় রাতে মেরে লাইনের পাশে ফেলে রেখেছে স্বামী ও তার পরিবারের লোকজন।’ ফজলুর রহমান বলেন, ‘পুলিশ আমাদের অভিযোগ কানে নিচ্ছে না। এ জন্য আদালতে আমরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’ অভিযোগের বিষয়ে জানতে ইয়াসমিনের স্বামী কাশেম মিয়ার সন্ধান করে পাওয়া যায়নি। তবে তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হতে শুনেছি। তবে যৌতুকের জন্য কখনোই চাপ দেওয়ার কথা শুনিনি। ব্যক্তিগত কাজের কথা বলে ইয়াসমিন ভোরে ঘর থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর তাঁর লাশ পাওয়া যায়।’ ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, ইয়াসমিনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ইয়াসমিনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।