কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে গত বৃহস্পতিবার দুই পক্ষে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় ভৈরব থানায় গতকাল শুক্রবার দুটি হত্যা মামলা হয়েছে। পুলিশ মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঁশগাড়ী গ্রামে একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশগাড়ী গ্রামের বড়বাড়ীর নিহত আজিজুর রহমানের স্ত্রী পদুনা বেগম এবং কোনাবাড়ীর নিহত শাহজাহান মিয়ার স্ত্রী জামেলা বেগম গতকাল সকালে দুটি মামলা করেন। পদুনা বেগমের মামলায় আসামি হিসেবে ৩২ এবং জামেলা বেগমের মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া উভয় মামলায় অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। ওই ঘটনায় বৃহস্পতিবার আটক হওয়া ১০ জনের মধ্যে চারজন এ দুই মামলার আসামি। ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়ে অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কোনাবাড়ীর নুরুজ্জামান ভূঁইয়া, জুয়েল মিয়া, হাবিবুর রহমান ও আক্তার মিয়া।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, গ্রেপ্তার হওয়া নুরুজ্জামান ভূঁইয়া ও জুয়েল মিয়া পদুনা বেগমের করা মামলার আসামি। আর হাবিবুর রহমান ও আক্তার মিয়া জামেলা বেগমের মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল আদালতের মাধ্যমে চারজনকেই কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঁশগাড়ী গ্রামে একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে।গতকাল শুক্রবার বাঁশগাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, বড়বাড়ী ও কোনাবাড়ীর লোকজনের মধ্যে সংঘর্ষ হলেও গ্রেপ্তারের আতঙ্কে গ্রামের বেশির ভাগ বয়স্ক মানুষই এলাকাছাড়া। আর বড়বাড়ী ও কোনাবাড়ীতে কয়েকজন বৃদ্ধ ছাড়া সবাই বাড়ি ছেড়েছেন। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বাঁশগাড়ী গ্রামের বড়বাড়ী ও কোনাবাড়ীর লোকজনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত এবং ৪০ জন আহত হয়।